হাইমচরে রাতের আঁধারে ব্রাক অফিসারের মোটরসাইকেল চুরি, থানায় অভিযোগ

শরীফ মোঃ মাছুম বিল্লাহ :

হাইমচর উপজেলা সদর আলগী বাজার উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য গাজী খলিলুর রহমানের বাড়ির সামনে থেকে স্থানীয় ব্রাক অফিসারের মোটরসাইকেল চুরি হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে হাইমচর থানায় একটি অজ্ঞাতনামা অভিযোগ করেন ভুক্তভোগী সাইফুল ইসলাম।

১৬ জানুয়ারী সোমবার রাত ৮টা থেকে ১০ টার মধ্যে এ ঘটনা ঘটে। আল আমিন আদর্শ মহিলা মাদ্রাসা সংলগ্ন ৩ তলা বিশিষ্ট ভবনের ৩য় তলায় ভাড়ায় থাকেন ব্রাক অফিসার সাইফুল ইসলাম। প্রতিদিনের ন্যায় অফিস শেষে বাড়ির সামনে রাস্তায় মোটরসাইকেলটি রেখে নিজের রুমে যান। রাত ১০ টায় সিঁড়ির রুমে রাখতে গেলে মোটরসাইকেল না পেয়ে বিভিন্ন স্থানে খুজতে থাকেন তিনি।

অভিযোগ সূত্রে জানা যায়, ব্রাক অফিসার সাইফুল ইসলাম পটুয়াখালী জেলার বাসিন্দা। চাকরির সুবাদে দীর্ঘদিন হাইমচরে সাংবাদিক খলিল গাজীর বাসায় ভাড়া থাকেন তিনি। ১৬ জানুয়ারী সন্ধ্যা ৭ টায় অফিস শেষে বাসার সামনে গাড়ি রেখে বাসায় প্রবেশ করে।এরপর রাত ৮টায় ছেলেকে প্রাইভেট মাষ্টারের কাছ থেকে নিয়ে আসার সময় মোটরসাইকেলটি যথাস্থানে ছিল।

কিন্তু রাত ১০ টায় বিল্ডিং এর সিঁড়ির রুমে রাখতে নিচে নেমে বাসার সামনে রাখা গাড়িটি দেখতে পান নাই। আশপাশের সম্ভাব্য সকল স্থানে খুঁজে না পেয়ে নিশ্চিত হন অজ্ঞাতনামা চোর তার মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে।

ভুক্তভোগী সাইফুল ইসলাম জানান, এই মোটরসাইকেল ব্যবহার করে আমি নিয়মিত অফিসে যাওয়া আশা করি। যার রেজিষ্ট্রেশন নং চাঁদপুর-হ ১১৮২৬১। অজ্ঞাতনামা চোর আমার মোটরসাইকেলটি নিয়ে যাওয়ায় আমি এখন বিপাকে পড়েছি। হাইমচর থানায় অজ্ঞাতনামা অভিযোগ দায়ের করা সহ বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহের মাধ্যমে চোর সনাক্তকরণের চেষ্টা চলছে।

You might like