মুরাদনগরে মাদ্রাসা ও এতিমখানার অর্থ আত্মসাতের অভিযোগে কমিটির বিরুদ্ধে মানববন্ধন

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ১৬ সেপ্টেম্বর ২০২৪

কুমিল্লার মুরাদনগরে এক মাদ্রাসা ও এতিমখানার নামে থাকা ব্যাংক একাউন্ট থেকে টাকা উত্তোলন করে আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অঅভিযোগ উপজেলার কাঠালিয়াকান্দা হযরত খালেদ বিন ওয়ালিদ (রা:) হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার সাবেক কমিটির বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানাযায়, নানান অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কারণে উক্ত মাদ্রাসার পূর্বের কমিটির দায়িত্বপ্রাপ্তরা দুর্নীতিবাজ আখ্যা দিয়ে ওই কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করেন।

এদিকে রামচন্দ্রপুর বাজারে জনতা ব্যাংক শাখায় মাদ্রাসার নামে একটি যৌথ একাউন্ট রয়েছে। নতুন কমিটি রেজুলেশন করে ওই একাউন্ট-এর স্বাক্ষর কার্ড পরিবর্তনের জন্য ১২ সেপ্টেম্বর ব্যাংকে গিয়ে জানতে পারেন পূর্বের কমিটির সভাপতি, সহ-সভাপতি ও সেক্রেটারি যৌথ স্বাক্ষরিত চেকের মাধ্যমে গত ১০ সেপ্টেম্বরে ৮ লক্ষ ৭২ হাজার ৮২১ টাকা উত্তোলন করে নিয়ে যায়।

উত্তোলিত অর্থ মাদ্রাসার কোন কাজে ব্যায় করা হয়নি বলে ঐ দিনেই নতুন কমিটির সেক্রেটারি মো. আলী হোসেন বাদি হয়ে বাঙ্গরা বাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এতে অভিযুক্তরা হলেন কাঠালিয়াকান্দা গ্ৰামের হযরত খালেদ বিন ওয়ালিদ (রা) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা কমিটির সাবেক সভাপতি মো. জীবন মিয়া (৭০), সাবেক সহ সভাপতি মো.শামসুল হক (৬৮) এবং সাবেক সেক্রেটারি মো. শাহ আলম (৪৫)। এই বিষয়ে পূর্বের কমিটির সভাপতি ও সেক্রেটারির সাথে ফোন বন্ধ থাকায় যোগাযোগ করে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাসহ আত্মসাতকৃত টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় রামচন্দ্রপুর উঃ ইউনিয়নের কাঠালিয়াকান্দা গ্ৰামবাসি। শনিবার দুপুরে উপজেলার কাঠালিয়াকান্দা হযরত খালেদ বিন ওয়ালিদ (রা:) হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার মাঠে বর্তমান কমিটি ও এলাকাবাসী বিক্ষোভ ও মানববন্ধনও করেছেন।

বিক্ষোভ ও মানবন্ধনে বক্তব্য রাখেন, হযরত খালেদ বিন ওয়ালিদ (রা) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা নবগঠিত কমিটির সভাপতি মোঃ আবু হানিফ, সহ সভাপতি মো. জসিম উদ্দিন রিপন, প্রধান শিক্ষক হাফেজ আল আমিন, সেক্রেটারি মো. আলী হোসেন, উপদেষ্টা কমিটির সদস্য মো.বাবুল মিয়া প্রমুখ।

You might like