দোহারে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ প্রতিনিধি :

ঢাকার দোহার উপজেলার পালামগঞ্জের খেজুরতলা এলাকায় নাজমুল নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ওই যুবকের বাবার নাম আলী বেপারি।

১৮ অক্টোবর (শুক্রবার)  সকালে রাইপাড়া ইউনিয়ন এর বাঁশতলা এলাকায় মো. তারেক এর দোকানে এ ঘটনা ঘটে।  মো: তারেক জানান, আজ শুক্রবার সকালে আমার দোকানে চা খাচ্ছিলেন নাজমুল।

এ সময় তিনটি যুবক একটি মোটরসাইকেলে করে এসে চায়ের দোকানে ঢুকে নাজমুলকে কোপাতে থাকে। নাজমুল নিস্তেজ হয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় নাজমুলকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী মিলন জানান, ঘাতকদের মধ্যে রনি নামে একজনকে তিনি চিনতে পেরেছেন। নিহতের পরিবারেরও দাবি রনি নাজমুলকে হত্যা করেছে।

এবিষয়ে নিহত নাজমুলের মা নাছিমা বেগম জানান, আমার ছেলে সকালে ঘরে শুয়েছিল পরে চা খাওয়া জন্য বাঁশতলা  যায়। রনি সহ বেশ কয়েকজন এসে আমার ছেলেকে ধারালো ছোরা দিয়ে কুপিয়ে হত্যা করে।

তাদের  সাথে আগে কোন ঝামেলা ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, রনির সাথে আগে ঝামেলা ছিল কিন্তু সেটা মিমাংসা করা হয়েছে। রনিসহ ওর দলের লোকেরা  আমার ছেলেকে মেরে ফেলেছে  আমি এর বিচার আমি চাই বলে কান্নায় ভেঙ্গে পড়েন রনির মা।

এরইমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা। আসামিদের ধরতে সেনাবাহিনী ও পুলিশ যৌথভাবে কাজ করছে বলে জানান দোহার আর্মি ক্যাম্পের জেসিও জহিরুল ইসলাম।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. রেজাউল করিম জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। হত্যায় জড়িত সন্দেহভাজন রনির বাবা চান মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এবং লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা পাঠানো হয়েছে।

You might like