রমজানকে সামনে রেখে লামায় প্রমি এগ্রো ফুডস লিমিটেডের মতবিনিময় সভা

মোঃ শফিকুল ইসলাম তুহিন, বান্দরবান প্রতিনিধি

আসন্ন পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ভোক্তা-বান্ধব মানসম্পন্ন খাদ্য ও পণ্য সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে প্রমি এগ্রো ফুডস লিমিটেডের উদ্যোগে লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের মাষ্টারপাড়া এলাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুধবার (৩ নভেম্বর) সন্ধ্যায় মাতামুহুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লামা উপজেলা শাখার সাবেক সভাপতি আব্দুর রব। বিশেষ অতিথির আসন অলংকৃত করেন লামা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম খান, লামা পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুদ্দিন, প্রমি এগ্রো ফুডস লিমিটেড কক্সবাজার অঞ্চলের ডিপো হোল্ডার মোহাম্মদ রফিক, কক্সবাজারের এরিয়া সেলস ম্যানেজার মোহাম্মদ আমির হোসেন এবং লামা–আলীকদম অঞ্চলের ডিলার মোহাম্মদ সালাউদ্দিন, লামা পৌর যুবদলের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।

সভাপতির দায়িত্ব পালন করেন মোঃ নুরুল ইসলাম ইউনুচ। অতিথি বক্তারা প্রমি এগ্রো ফুডস লিমিটেডের বিভিন্ন পণ্যের গুণগত মান, উৎপাদন প্রক্রিয়া, বাজার ব্যবস্থাপনা ও প্রত্যাশিত সেবা নিশ্চিতে প্রতিষ্ঠানের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, রমজানকে সামনে রেখে নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করা প্রত্যেক উৎপাদনকারী প্রতিষ্ঠানের দায়িত্ব। প্রমি এগ্রো ফুডস লিমিটেড এ লক্ষ্যে দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে কাজ করে আসছে এবং গ্রাহকের আস্থাকে সর্বোচ্চ গুরুত্ব প্রদান করে।

এলাকাবাসী ও অংশগ্রহণকারীরা খোলামেলা আলোচনার মাধ্যমে তাদের চাহিদা, প্রত্যাশা ও সমস্যাবলির কথা তুলে ধরেন। উদ্যোক্তা ও কোম্পানির প্রতিনিধিরা এসব দাবি–দাওয়া বিবেচনায় নিয়ে ভবিষ্যতে সেবার মান আরও উন্নত করার আশ্বাস দেন।

অনুষ্ঠানটি শেষ হয় ধন্যবাদ জ্ঞাপন এবং আগামীর সহযোগিতা প্রত্যাশার মধ্য দিয়ে।

০৪  ডিসেম্বর ২০২৫

You might like

About the Author: priyoshomoy