ঠাকুরগাঁও–৩: রাণীশংকৈল–পীরগঞ্জে বিএনপি সমর্থকদের মোটরযাত্রা, নির্বাচনী মাঠে বাড়ছে উত্তাপ

হাসিনুজ্জামান মিন্টু :

ঠাকুরগাঁও–৩ আসনে বিএনপির প্রার্থী জাহিদুল রহমান জাহিদের সমর্থনে রাণীশংকৈল ও পীরগঞ্জে অনুষ্ঠিত হলো এক জমজমাট মোটরযাত্রা। সোমবার বিকেলে আবাদ তাকিয়া মোহাম্মদিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু হওয়া এই শোভাযাত্রা মুহূর্তেই নির্বাচনী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

প্রার্থীর পক্ষে স্লোগানে মুখরিত মোটরবহরটি পৌর এলাকা অতিক্রম করে নেকমরদ, ফুটানিটাউন, বাংলাগড়, কাতিহার হাট হয়ে গোগর চৌরাস্তা পর্যন্ত লম্বা পথ পাড়ি দেয়। শোডাউন চলাকালে অনেক জায়গায় স্থানীয় বাসিন্দারা রাস্তার পাশে দাঁড়িয়ে সমর্থকদের উচ্ছ্বাস উপভোগ করেন। কেউ কেউ আবার মোবাইলে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন।

এদিনের প্রচারণায় বিএনপির কেন্দ্রীয় নেতা কামাল আনোয়ার আহমেদ ছাড়াও উপজেলা ও পৌর বিএনপির নেতারা অংশ নেন। তরুণ ভোটারদের উল্লেখযোগ্য উপস্থিতি শোভাযাত্রাকে আরও প্রাণবন্ত করে তোলে।

স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই মোটরযাত্রা জাহিদুল রহমানের প্রচারণায় নতুন গতি এনে দিয়েছে। বিএনপি নেতাদের ভাষ্য, মাঠের চিত্র দেখে বোঝা যাচ্ছে—ধানের শীষের সমর্থনে সাধারণ ভোটারদের আগ্রহ বাড়ছে, যা নির্বাচনের শেষ মুহূর্তে বড় ভূমিকা রাখতে পারে।

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫

 

You might like

About the Author: priyoshomoy