

সজীব খান : চাঁদপুরে মেয়াদোত্তীর্ণ মোবিল বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ এবং মোটরসাইকেলের পার্টসে নকল স্টিকার ব্যবহার করে মোড়কজাত করার অপরাধে মেসার্স আলম ব্রাদার্স নামের একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয় ও যৌথ বাহিনীর সমন্বয়ে স্টেডিয়াম রোড এলাকায় অবস্থিত আলম ব্রাদার্সে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ প্রদান করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ স্বেচ্ছায় পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।
এসময় উদ্ধারকৃত নকল স্টিকার ও মেয়াদোত্তীর্ণ মোবিল ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
এছাড়াও নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে জেলার অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা অধিকার বিষয়ে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযানে যৌথ বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জানান, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬















