

মোঃ রফিকুল ইসলাম (রানা), ব্রাহ্মণবাড়িয়া,কসবা প্রতিনিধি।
যুগের পর যুগ সেতু না থাকায় খাল পারাপারের সময় কাঁধে করে লাশ বহন করতে বাধ্য হয়েছেন এলাকাবাসী। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলাস্থ কসবা উপজেলাধীন বাহারাটা ও পুকুরপাড় গ্রামের খালপাড়ে। ঘটনাটি স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও শোকের সৃষ্টি করেছে!

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ৮ঃ০০ ঘটিকায় বাহারাটা ও পুকুরপাড় উত্তরপাড়া নিবাসী বৃদ্ধ আব্দুল অলেক মিয়া (৭০) অসুস্থতাজনিত কারণে মারা যান। জানাজা শেষে সমাধি করার জন্য লাশ পার করতে গিয়ে দেখা দেয় চরম বিপত্তি। খালের উপর কোন সেতু না থাকায় বাঁশ ও কাঠের অস্থায়ী ভেলা দিয়েও পার করা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত কয়েকজন যুবক ঝুঁকি নিয়ে কাঁধে করে খাল পার হয়ে লাশ নিয়ে যান কবরস্থানে!
প্রত্যক্ষদর্শীরা জানান, বর্ষা মৌসুমে খালের পানি বেড়ে গেলে এ পথটি ভয়াবহ হয়ে উঠে।প্রায়ই স্কুলগামী শিক্ষার্থী,রোগী ও বয়স্ক মানুষদের জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। তবে লাশ কাঁধে করে পারাপারের ঘটনা এলাকাবাসীকে মানসিকভাবে নাড়া দিয়েছে!
স্থানীয় বাসিন্দারা বলেন জীবিত অবস্থায় যেমন কষ্ট, মৃত্যুর পরও শান্তি নেই।এটা আমাদের জন্য চরম লজ্জা ও বেদনার বিষয়।সেইসাথে তারা জানান, “বারবার আবেদন করেও সেতুর কোনো ব্যবস্থা হয়নি।” এলাকাবাসী অবিলম্বে একটি স্থায়ী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।
তারা বলেন,এই ঘটনার পরও যদি কর্তৃপক্ষ নড়েচড়ে না বসে,তাহলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। এ বিষয়ে উপজেলা প্রশাসন একাধিকবার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও সেটার বাস্তবায়ন আজ অব্ধি সম্ভব হয়নি। উপরোক্ত ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জোরালো হয়।
প্রকাশিত/ বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬















