

মোঃ জাহাঙ্গীর আলম, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাট এলাকায় ব্রহ্মপুত্র নদী থেকে প্রকাশ্যে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগ উঠেছে। সরেজমিনে দেখা গেছে, একাধিক পয়েন্টে কোনো ধরনের অনুমতি ছাড়াই নদী থেকে বালি তোলা হচ্ছে, যা পরিবেশ ও যোগাযোগ ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, জামিল ও সুমন নামের দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে বালাসী ঘাট এলাকায় বালি উত্তোলনের সঙ্গে জড়িত। তারা তিনটি পয়েন্ট থেকে একযোগে ব্রহ্মপুত্র নদী থেকে বালি উত্তোলন করে আসছেন। উত্তোলিত বালি কাকড়া গাড়ির মাধ্যমে বিভিন্ন স্থানে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে।
আজ ১৫ জানুয়ারি বিকেল আনুমানিক ৪টার দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশাল এলাকা জুড়ে নদী থেকে বালি উত্তোলন চলছে। ভারী যানবাহন চলাচলের কারণে বালাসী ঘাট সংলগ্ন কাঁচা রাস্তার বেহাল দশা দেখা দিয়েছে। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
এলাকাবাসীর অভিযোগ, অবৈধ বালি উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক গতিপথ ব্যাহত হচ্ছে এবং ভাঙনের ঝুঁকি বাড়ছে। দ্রুত এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী অবৈধ বালি উত্তোলন বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
প্রকাশিত : সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ খ্রি.















