

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে করা আপত্তিকর ও অবমাননাকর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা গত রাতে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন। এই প্রতিবাদে নারী অধিকার, কর্মক্ষেত্রে সম্মান এবং সমতার দাবি উঠে এসেছে।

মিছিলটি জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শিক্ষার্থীরা হাতে ঝাড়ু নিয়ে নারীবিদ্বেষী মনোভাবকে প্রতীকীভাবে ‘ঝেঁটিয়ে’ ফেলার বার্তা দেন। প্ল্যাকার্ডে লেখা ছিল—“নারী শক্তির জয় হোক”, “আমাদের মায়ের মর্যাদা রক্ষা করো”, “কর্মজীবী নারীদের অপমান নয়, সম্মান চাই”, “NO More Silence, Zero Tolerance for Harassment”, “পাল্লা হাতে গোলামীর পুতুল নয়” ইত্যাদি।
প্রতিবাদের মূল কণ্ঠস্বর ছিলেন চবি শিক্ষার্থী মিফতাহ জাহান মীম। তিনি বলেন: “নারীর মূল দায়িত্ব পরিবারকেন্দ্রিক বলে কিছু রক্ষণশীল মত থাকলেও, সমসাময়িক ইসলামি চিন্তাবিদরা সমাজের প্রয়োজন ও ব্যক্তিগত সক্ষমতার ভিত্তিতে নারীর কর্মক্ষেত্রে অংশগ্রহণকে বৈধ মনে করেন। কোরআনে স্পষ্টভাবে বলা হয়েছে—‘পুরুষদের জন্য আছে তাদের উপার্জনের অংশ এবং নারীদের জন্য আছে তাদের উপার্জনের অংশ’ (সূরা নিসা: ৩২)। ইনসাফ কায়েমের নামে নারীদের অধিকার অস্বীকার করা যায় না, বরং তা নিশ্চিত করতে হবে। এমন মন্তব্য নারীদের অপমান করে এবং সমাজে বিভেদ সৃষ্টি করে। নারী শক্তির জয় হোক—এটাই আমাদের দাবি।”
মিফতাহ জাহান মীম’র এই বক্তব্য প্রতিবাদকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। মিছিলে মেগাফোন নিয়ে স্লোগান উঠে—“নারী অপমান মেনে নেব না”, “সম্মান চাই, অধিকার চাই”, “Stop the violence, End the silence”। নারী-পুরুষ শিক্ষার্থীরা যৌথভাবে অংশ নেয়ায় এটি নারী-পুরুষ সমতার একটি শক্তিশালী প্রতীক হয়ে ওঠে।
জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে, ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়ে ওই পোস্ট করা হয়েছে এবং তা দলের অবস্থান নয়। তবে এই দাবির পরও দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীরা প্রকাশ্য ক্ষমাপ্রার্থনা ও নারী অধিকারের প্রতি সম্মানজনক অবস্থানের দাবি জানিয়েছেন।
চবি শিক্ষার্থীরা জানিয়েছেন, নারী শক্তির জয় না হওয়া পর্যন্ত তাঁদের এই লড়াই অব্যাহত থাকবে।
প্রকাশিত : মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
















