

চাঁদপুর প্রতিনিধি:
চাঁদপুরে মতলব উত্তর থানা পুলিশের বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ এক অস্ত্রধারী অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় আরও একজন সহযোগী পলাতক রয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে গণমাধ্যমকে জেলা পুলিশের পক্ষ থেকে দেওয়া প্রেস রিলিজের মাধ্যমে
এমন তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬কে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসানের সার্বিক দিকনির্দেশনায় শনিবার (৭ ফেব্রুয়ারি) বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হোসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল। অভিযানে নেতৃত্ব দেন থানায় কর্মরত এসআই মো. জাফর আহমেদসহ অন্যান্য কর্মকর্তা ও ফোর্সের সদস্যরা।
অভিযানে গ্রেপ্তার করা হয় সুজন প্রকাশ বেজি সুজন (২৭) নামে এক যুবককে। তিনি মৃত আমর আলী মিস্ত্রির ছেলে এবং ছেঙ্গারচর পৌরসভার আদুরভিটি এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে ৬টার দিকে মতলব উত্তর থানাধীন ১১ নম্বর পশ্চিম ফতেহপুর ইউনিয়নের কাজীকান্দি এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় কাজীকান্দি এলাকার আবুল হোসেন খানের বসতবাড়ির দোচালা লাকড়ি রাখার ঘরের চৌকির নিচ থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি গ্রেপ্তারকৃত আসামির হেফাজত থেকেই তার নিজ হাতে বের করে দেওয়া বলে পুলিশ জানায়।
তবে অভিযানের সময় আসামির সহযোগী লিমন (৩০) নামে অপর একজন দৌড়ে পালিয়ে যায়। তিনি আবুল হোসেন খানের ছেলে এবং একই এলাকার বাসিন্দা।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামির বিরুদ্ধে মতলব উত্তর থানায় মামলা নম্বর-২৬ (তারিখ: ০৭/০২/২০২৬) দায়ের করা হয়েছে। মামলায় অস্ত্র আইন ১৮৭৮-এর ১৯(ক) ও ১৯(ফ) ধারায় অভিযোগ আনা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রকাশিত : শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
















