

সফিকুল ইসলাম রানা।
বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ, নির্বাচনী উপকরণ সুরক্ষা এবং যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বাত্মক প্রস্তুতি নিয়ে মাঠে রয়েছে। উপকূলীয় ও নদী তীরবর্তী দুর্গম এলাকায় একমাত্র স্ট্যাটিক ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কোস্ট গার্ড দায়িত্ব পালন করছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের আলী আহম্মদ মিয়া বহুমুখী মহাবিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিভিন্ন নির্বাচনি এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
তিনি জানান, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় অঞ্চল, অভ্যন্তরীণ নৌপথ এবং নদী পরিবেষ্টিত দুর্গম এলাকাসমূহে মোতায়েন রয়েছে। এ লক্ষ্যে গত ১৮ জানুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ২৮ দিনব্যাপী প্রায় ৩ হাজার ৫৮৫ সদস্যের ১০০টি প্লাটুন দায়িত্ব পালন করছে।
রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক বলেন, এসব প্লাটুন স্থল ও জলভাগে বিভক্ত হয়ে নারায়ণগঞ্জ, চাঁদপুর, খুলনা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর, নোয়াখালী, কক্সবাজার, বরিশাল, পটুয়াখালীসহ নদীবেষ্টিত ভোলা জেলার দুর্গম প্রত্যন্ত অঞ্চলের ৬৯টি ইউনিয়নের ৩৩২টি ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছে।
তিনি বিশেষভাবে উল্লেখ করেন, ঢাকা জোনের আওতাধীন নারায়ণগঞ্জ, মতলব (উত্তর), চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর ৩৯টি ভোটকেন্দ্রে কোস্ট গার্ড সদস্যরা নিয়মিত নৌ টহল, বিশেষ গোয়েন্দা নজরদারি, ড্রোন পর্যবেক্ষণ এবং অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ টহল পরিচালনা করছে। পাশাপাশি অস্ত্র উদ্ধার ও দুষ্কৃতিকারী আটকের মাধ্যমে একটি নিরাপদ ও উৎসবমুখর ভোটবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ড মহাপরিচালক বলেন, নদীমাতৃক জেলা চাঁদপুরের মতো গুরুত্বপূর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনের মাধ্যমে কোস্ট গার্ড জনগণের আস্থা অর্জন করেছে। অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে উপকূলবাসীর নিরাপত্তা ও ভোটাধিকার নিশ্চিত করতে বাহিনীটি পেশাদারিত্বের সর্বোচ্চ প্রয়োগ অব্যাহত রাখবে।
এর আগে সকাল ১০টায় মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের ৫৮ নম্বর বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় ভোটাধিকার প্রয়োগে ভোটারদের সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান মহাপরিচালক।
মতবিনিময় ও প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন চাঁদপুর নৌ পুলিশের এসপি সৈয়দ মুশফিকুর রহমান, মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা কুলসুম মনি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রকাশিত : সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
















