নরসিংদী-৪ আসনে জাল ভোটের অভিযোগে বিএনপি নেতা আটক

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:

নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের পাঁচকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে রাকিবুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে বলে কেন্দ্র সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্দেহজনকভাবে ভোট প্রদানের সময় দায়িত্বরত কর্মকর্তাদের নজরে এলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে অভিযোগের প্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে হেফাজতে নেন।

এদিকে একই আসনে বিভিন্ন কেন্দ্রে বিএনপির অনিয়ম, ভোটে বাধা ও এজেন্টদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। জামায়াতে ইসলামীর দাবি করেছে, তাদের এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন এবং এক কর্মী আহত হওয়ার ঘটনা ঘটেছে। আহত কর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

নরসিংদী-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলম এক বিবৃতিতে এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, ভোটকেন্দ্রে অনিয়ম ও সহিংসতার যেকোনো প্রচেষ্টা গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি, যেন নিরপেক্ষভাবে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং যেকোনো অভিযোগ তদন্ত করে দেখা হবে।

এদিকে ভোটারদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের সুযোগ চান এবং প্রশাসনের কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy