চাঁদপুরে ২৫ বছর পর হারানো ঘাঁটি পুনরুদ্ধার করল বিএনপি

সজীব খান, চাঁদপুর থেকে

দীর্ঘ ২৫ বছর পর চাঁদপুরে নিজেদের রাজনৈতিক ঘাঁটি পুনরুদ্ধার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার পাঁচটি আসনের মধ্যে চারটিতে বিএনপি প্রার্থী এবং একটিতে স্বতন্ত্র (বিদ্রোহী বিএনপি) প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। চারটি আসনেই বিএনপি প্রার্থীরা বড় ব্যবধানে জয় লাভ করেন।

১৯৯১ ও ২০০১ সালের নির্বাচনে চাঁদপুরের ছয়টি আসনের সবকটিতেই বিএনপি বিজয়ী হয়েছিল। পরবর্তীতে আসন পুনর্বিন্যাসের ফলে একটি আসন কমে যায়। ওয়ান ইলেভেন সরকারের নির্বাচন ইঞ্জিনিয়ারিং এর কারণে ২০০৮ সালের নির্বাচনে পাঁচটি আসনের মধ্যে মাত্র একটিতে জয় পায় দলটি। এরপর ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের রাতের ভোট, আমি- ডামির নির্বাচনে জেলার আসনগুলো দখলে নেয় ফ্যাসিবাদী আওয়ামী লীগ।

এবারের নির্বাচনে অধিকাংশ আসনেই বিএনপি প্রার্থীদের সঙ্গে পরাজিত প্রার্থীদের ভোটের ব্যবধান ছিল ৬৭ হাজার থেকে এক লাখ ১৫ হাজারের বেশি। অনেক ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীরা বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোটের এক-তৃতীয়াংশের কাছাকাছি ভোট পান।

চাঁদপুর-১ (কচুয়া)

এই আসনে বিএনপির প্রার্থী সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডা. আ ন ম এহসানুল হক মিলন ৬৬ হাজার ৮৫ ভোটের ব্যবধানে বিজয়ী হন। তিনি ধানের শীষ প্রতীকে পান ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর প্রার্থী আবু নছর মো. মকবুল আহমেদ পান ৬৭ হাজার ৭৭ ভোট।

চাঁদপুর-২ (মতলব উত্তর–মতলব দক্ষিণ)

এ আসনে বিএনপির মো. জালাল উদ্দিন ১ লাখ ১৫ হাজার ৮৫০ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। তিনি পান ১ লাখ ৭০ হাজার ৫৮৩ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)-র বিল্লাল হোসেন মিয়াজী পান ৫৪ হাজার ৭৩৩ ভোট।

চাঁদপুর-৩ (সদর–হাইমচর)

জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ৬৭ হাজার ১৯৯ ভোটের ব্যবধানে বিজয়ী হন। ধানের শীষ প্রতীকে তার প্রাপ্ত ভোট ১ লাখ ৬৪ হাজার ১০। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের অ্যাডভোকেট শাহাজাহান মিয়া পান ৯৬ হাজার ৮১১ ভোট।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ)

এই আসনে স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী বিএনপি) মো. আব্দুল হান্নান ৪ হাজার ৬২৭ ভোটের ব্যবধানে বিজয়ী হন। চিরিং প্রতীকে তিনি পান ৭৩ হাজার ৮৪২ ভোট। বিএনপির প্রার্থী লায়ন মো. হারুনুর রশীদ পান ৬৯ হাজার ২১৫ ভোট এবং জামায়াতের বিল্লাল হোসেন মিয়াজী পান ৬৬ হাজার ৫০৫ ভোট।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ–শাহরাস্তি)

এ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক ১ লাখ ১০ হাজার ৬১ ভোটের ব্যবধানে বিজয়ী হন। তিনি পান ১ লাখ ৮১ হাজার ৯১১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপির ডা. নিয়ামুল বশির পান ৭১ হাজার ৮৫০ ভোট।
সব মিলিয়ে চাঁদপুরে এবারের নির্বাচনে বিএনপি বড় ব্যবধানে বিজয় অর্জন করে দীর্ঘদিন পর তাদের শক্ত অবস্থান পুনঃপ্রতিষ্ঠা করেছে।

প্রকাশিত : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy