চাঁদপুরে নিজ দলের ৫ কর্মীকে পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি শেখ ফরিদ আহমেদ মানিক

সজীব খান, চাঁদপুর।।
চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত এমপি শেখ ফরিদ আহমেদ মানিক নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগে নিজ দলের পাঁচ কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন। ১৩ নম্বর ওয়ার্ডে উত্তেজনার ঘটনায় তদন্ত চলছে।

নির্বাচন পরবর্তী সময়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নিজ দলের কয়েকজন কর্মীকে পুলিশে সোপর্দ করেছেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। ১৩ ফেব্রুয়ারি রাতে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ ঢালীর নেতৃত্বে ৫ ছাত্রদল কর্মীকে চাঁদপুর মডেল থানায় সোপর্দ করা হয়।

এর আগে ১২ ফেব্রুয়ারি চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচন চলাকালীন এবং ১৩ ফেব্রুয়ারি নির্বাচন-পরবর্তী সময়ে দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শুক্রবার রাতে জড়িতদের শনাক্ত করা হয়।

আটকেরা হলেন- শহরের ওয়ারলেস বাজার এলাকার নাহিদুল ইসলাম জনি, মোবারক হোসেন বেপারী, জনি গাজী, মনির ও ফাহিম। তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজ আহমেদ জানান, শুক্রবার রাতে আটক ৫ জনকে থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার সঙ্গে সম্পৃক্ত অন্যদের আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশিত : শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy