

চাঁদপুর প্রতিনিধি: চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লার লাকসাম জংশনে দুর্ঘটনার শিকার হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে এ ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা যায়, ট্রেনটি জংশনে পৌঁছানোর পর দিক পরিবর্তনের জন্য ইঞ্জিন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এনে বগির সঙ্গে সংযুক্ত করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বগিতে সজোরে ধাক্কা লাগে। এতে একটি বগি ক্ষতিগ্রস্ত হয় এবং ট্রেনটির সময়সূচিতে বিঘ্ন ঘটে।

দুর্ঘটনায় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য মামুনসহ পাঁচজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
লাকসাম জংশনের স্টেশন মাস্টার ওমর ফারুক জানান, ক্ষতিগ্রস্ত বগি ও ইঞ্জিন উদ্ধারে উদ্ধারকারী দল কাজ শুরু করেছে। পাশাপাশি রেললাইন মেরামতের কার্যক্রমও চলছে। দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
এদিকে চাঁদপুর বড় স্টেশন রেলওয়ে প্ল্যাটফর্মের স্টেশন মাস্টার সোয়েবুর রহমান বলেন, “দুর্ঘটনার কারণে সংশ্লিষ্ট লাইনে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। কখন লাইন ক্লিয়ার হবে এবং মেঘনা এক্সপ্রেস কখন চাঁদপুরে পৌঁছাবে, তা এখনো নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। লাইন স্বাভাবিক হলেই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।”
রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রকাশিত : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
















