গণভোটের রায় উপেক্ষা: চাঁদপুরে ১১ দলের তীব্র বিক্ষোভ, কঠোর হুঁশিয়ারি

বিশেষ প্রতিনিধি :
গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনরায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে প্রতারণার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্যের উদ্যোগে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ এপ্রিল) বিকেলে শহরের বাইতুল আমিন চত্বরে আয়োজিত সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাবেশ শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্টেশন এলাকায় গিয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চাঁদপুর জেলা আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। তিনি তার বক্তব্যে বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ পুরো মন্ত্রিসভা এবং সংসদ সদস্যরা জুলাই বিপ্লবের ফলেই নির্বাচিত হয়েছেন। এই বিপ্লব কোনো দল পরিবর্তনের জন্য নয়, বরং ফ্যাসিবাদী শাসনব্যবস্থা থেকে মুক্ত হয়ে নতুন রাষ্ট্রব্যবস্থা গড়ার জন্য সংঘটিত হয়েছে।”

তিনি আরও বলেন, “সংবিধান সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণ এখন সময়ের দাবি। গণভোটে জনগণ ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিলেও সেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি সরকারের টালবাহানা জনমনে হতাশা সৃষ্টি করেছে।”

তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “অতীতে অনেক রক্তের বিনিময়ে এই ব্যবস্থা চালু করতে হয়েছে। আজও যদি গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করা হয়, তবে রাজপথের আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে।”
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা জামায়াতের নায়েবে আমীর অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।

শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন এনসিপির জেলা প্রধান সমন্বয়ক মো. মাহবুব আলম, খেলাফত মজলিশের জেলা সেক্রেটারি আবুল কালাম আজাদ, নূরে আলমসহ ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, “বিএনপি সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ এবং পুলিশ বাহিনীকে দমন-পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করে স্বৈরশাসন কায়েমের চেষ্টা করছে।” তারা জানান, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা চলবে, তবে প্রয়োজন হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

প্রকাশিত : রোববার, ১২ এপ্রিল ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy