যবিপ্রবি নেতৃত্ব পরিবর্তনে নতুন উপাচার্য ইয়ারুল কবীর

মালিকুজ্জামান কাকা :
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রশাসনিক পর্যায়ে বড় পরিবর্তন এসেছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে বর্তমান উপাচার্য ড. মো. আব্দুল মজিদ কে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ড. মো. ইয়ারুল কবীর কে।

অব্যাহতির প্রজ্ঞাপন জারিকালীন সময়ে ড. আব্দুল মজিদ বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি (IQAC) আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করছিলেন। ঐ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

অনুষ্ঠান চলাকালীনই তার অব্যাহতির খবর ছড়িয়ে পড়লে সেখানে তাৎক্ষণিক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি সংক্ষেপে বলেন, “আমি একটি প্রোগ্রামে আছি।’

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ড. মো. আব্দুল মজিদ কে উপাচার্যের পদ থেকে অব্যাহতি দিয়ে তার পূর্বের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে।

পৃথক আরেকটি প্রজ্ঞাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ইয়ারুল কবীর কে যবিপ্রবির নতুন উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি বর্তমান পদের সমমানের বেতন-ভাতা পাবেন এবং তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আশা, একজন খ্যাতিমান গবেষক ড. ইয়ারুল কবীরের নেতৃত্বে যবিপ্রবির শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত হবে।

প্রকাশিত : মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬,  ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

 

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

 

You might like

About the Author: priyoshomoy