কুমিল্লায় ২০ এপ্রিল শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন: লক্ষ্যমাত্রা ৭ লাখ শিশু

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা মহানগর: ১৫ এপ্রিল ২০২৬

কুমিল্লা: কুমিল্লা জেলায় হাম ও রুবেলার সংক্রমণ প্রতিরোধে আগামী ২০ এপ্রিল থেকে শুরু হচ্ছে ১১ দিনব্যাপী বিশেষ টিকাদান ক্যাম্পেইন। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ জানান, আগামী ১০ মে পর্যন্ত চলমান এই কার্যক্রমে জেলার ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী মোট ৭ লাখ ৫ হাজার ২৯৮ জন শিশুকে এক ডোজ করে এমআর (হাম-রুবেলা) টিকা প্রদান করা হবে। এর মধ্যে ১ লাখ ৬ হাজার ৯৪৮ জন স্কুল ও মাদ্রাসার প্রাক-প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী রয়েছে।

ক্যাম্পেইনটি সফল করতে জেলার ১৭টি উপজেলা ও ১টি পৌরসভায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মোট ৪ হাজার ৮৪৮টি অস্থায়ী ও ১৮টি স্থায়ী কেন্দ্রের মাধ্যমে এই টিকা দেওয়া হবে। কার্যক্রম পরিচালনায় ১ হাজার ১৭৬ জন টিকাদানকারী এবং ৪ হাজার ৮১২ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। এছাড়া মাঠ পর্যায়ে তদারকির জন্য ৫৮৮ জন সুপারভাইজার দায়িত্ব পালন করবেন।

সিভিল সার্জন আরও জানান, সাম্প্রতিক সময়ে শিশুদের মধ্যে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা নিয়মিত টিকাদান কর্মসূচি থেকে বাদ পড়েছে, তাদের সুরক্ষায় এটি বড় ভূমিকা রাখবে। সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশিত : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬  খ্রি., ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy