

জাকিরুল ইসলাম বাবু, জামালপুর প্রতিনিধি,
জামালপুর পৌরসভার পূর্ব কাঁচারীপাড়া এলাকা থেকে প্রায় ১৫ লক্ষ টাকার হেরোইন ও ইয়াবাসহ মোছাঃ লকসি বেগম (৪১) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পালিয়ে যায় আরও ২ থেকে ৩ জন।

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ বিকাল ৫টা ২০ মিনিটে পূর্ব কাঁচারীপাড়া মেষ্টা খাঁনবাড়ী সংলগ্ন লকসি বেগমের বসত বাড়ির গেটের সামনের গলি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধারকৃত মাদক ও মূল্য
হেরোইন: Fast White ডিটারজেন্ট পাউডারের প্যাকেটে আলাদা পলিথিনে মোড়ানো ২০ পুটলা। মোট ওজন ১০৪ গ্রাম। প্রতি গ্রাম ১০,০০০ টাকা দরে মোট মূল্য ১০,৪০,০০০ টাকা।
ইয়াবা: সুপার টারজান র্যাট কিলার ইঁদুর মারার ঔষধের প্যাকেটে ৬টি নীল জিপার পলিতে ১,৫০০ পিস গোলাপী ইয়াবা ট্যাবলেট। প্রতিটি ট্যাবলেটের ওজন ০.১ গ্রাম, মোট ওজন ১৫০ গ্রাম। প্রতিটির মূল্য ৩০০ টাকা দরে মোট মূল্য ৪,৫০,০০০ টাকা।
উদ্ধারকৃত মাদকের সর্বমোট বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৯০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত আসামীর পরিচয়
গ্রেপ্তারকৃত মোছাঃ লকসি বেগম ইসলামপুর থানার বেপারীপাড়া এলাকার মৃত বাবুল বেপারীর মেয়ে। তার স্বামীর নাম লেবু বেপারী। তিনি বর্তমানে জামালপুর সদর থানার পূর্ব কাঁচারীপাড়া এলাকায় বসবাস করতেন।
যেভাবে গ্রেপ্তার
জামালপুর সদর থানার এসআই মোঃ খাইরুজ্জামান জানান, ১৪ এপ্রিল বিকালে ফৌজদারী মোড় এলাকায় গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও মাদক উদ্ধার ডিউটি চলাকালে গোপন সংবাদ পান যে পূর্ব কাঁচারীপাড়ায় লকসি বেগমের বাড়ির সামনের গলিতে মাদক কেনাবেচা চলছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সাথে থাকা অজ্ঞাতনামা ২ থেকে ৩ জন পালিয়ে যায়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। পলাতক আসামীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
প্রকাশিত : বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ খ্রি., ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
















