

প্রতিনিধি, মতলব দক্ষিণ, চাঁদপুর
চাঁদপুরের মতলব দক্ষিণে নির্মাণাধীন তিনতলা ভবন থেকে ইট পড়ে লিজা আক্তার (১৩) নামে অষ্টম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী গুরুতর আহত হয়েছে। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার চরমুকুন্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত লিজা উপজেলার পূর্ব কলাদী এলাকার ব্যবসায়ী মোজাম্মেল বকাউলের মেয়ে। সে চরমুকুন্দির ‘মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা’র অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

যেভাবে ঘটনা
প্রত্যক্ষদর্শী ও স্বজনরা জানান, বিকেলে ক্লাস শেষে লিজা কয়েকজন সহপাঠীর সঙ্গে হেঁটে বাড়ি ফিরছিল। মহিলা কলেজ এলাকায় পৌঁছালে স্থানীয় মো. নুরুজ্জামানের নির্মাণাধীন তিনতলা ভবন থেকে হঠাৎ কয়েকটি ইট তার মাথায় পড়ে। এতে মাথা ফেটে রক্তাক্ত হয়ে সে সড়কে পড়ে জ্ঞান হারায়। পরে সহপাঠী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
চিকিৎসকের বক্তব্য
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রাজীব কিশোর বণিক বলেন, “আহত ছাত্রীর কপাল ও মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে সিটিস্ক্যান করানোর পরামর্শ দেওয়া হয়েছে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত তাকে পুরোপুরি শঙ্কামুক্ত বলা যাচ্ছে না। বর্তমানে সে চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছে।”
পুলিশের বক্তব্য
মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, “বিষয়টি আমরা জেনেছি। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ খ্রি.













