

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর
চাঁদপুর সদর উপজেলার ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়নের চর ইব্রাহিমপুর, খানেপুর ও চালিতাতলি এলাকায় কৃষিজ ও সরকারি স্বার্থসংশ্লিষ্ট জমি অবৈধভাবে জবরদখল করে ঝিল কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার ১৬ এপ্রিল সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এ এস এম জামিউল হিকমা।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি)- বাপ্পি দপ্ত রানি।
অভিযানকালে অবৈধভাবে মাটি কাটা ও খনন কাজে ব্যবহৃত ৮টি খননযন্ত্র অকেজো করে দেওয়া হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ সময় ঘটনাস্থল থেকে ১০টি ব্যাটারি, আনুমানিক ৭০-৮০ পিস বিভিন্ন কারিগরি যন্ত্রপাতি এবং প্রায় ৯০ লিটার ডিজেল জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এ এস এম জামিউল হিকমা বলেন, কৃষিজমি ও সরকারি স্বার্থসংশ্লিষ্ট জমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার ও ধারাবাহিকভাবে পরিচালিত হবে। জনস্বার্থে অবৈধ দখল ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, অবৈধভাবে ঝিল কেটে কৃষিজমি ও সরকারি জমির শ্রেণি পরিবর্তন করা একটি দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড শুধু পরিবেশের জন্য ক্ষতিকর নয়, ভবিষ্যতে খাদ্যনিরাপত্তা ও ভূমি ব্যবস্থাপনায়ও নেতিবাচক প্রভাব ফেলে। যারা এ কাজে জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। কোনো প্রভাবশালী মহল বা ব্যক্তির চাপ প্রশাসনকে এ ধরনের অভিযানে নিরুৎসাহিত করতে পারবে না।”
প্রকাশিত : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬ খ্রি.














