

সজীব খান, চাঁদপুর
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহ মাহমুদপুর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা। সোমবার ২০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় তিনি এই পরিদর্শনে যান।
পরিদর্শনকালে ইউএনও প্রথমে ইউনিয়ন পরিষদের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় তিনি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন এবং সরকারি নিয়মনীতি মেনে সঠিকভাবে সেবা প্রদানের নির্দেশ দেন। তিনি স্পষ্টভাবে বলেন, নাগরিক সেবা দিতে গিয়ে কোনো মানুষ যেন হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। একইসাথে বিবাহ নিবন্ধন, এনজিও কার্যক্রম, ব্যবসায়ী প্রতিনিধি ও প্রাণিসম্পদসহ ইউনিয়নের সকল কার্যক্রম সম্পর্কে প্রশাসনকে নিয়মিত অবগত করার নির্দেশনাও দেন তিনি।

এরপর তিনি শাহ মাহমুদপুর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন। ভূমি অফিসে সেবা নিতে আসা নাগরিকদের সরকারি বিধি মোতাবেক সেবা নিশ্চিত করার নির্দেশ দেন ইউএনও। নামজারি, খাজনা পরিশোধসহ সকল সেবা অনলাইনভিত্তিক করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অফিসের সার্বিক কার্যক্রম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে শাহ মাহমুদপুর ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুছ আখন্দ রোকন, ইউনিয়ন ভূমি কর্মকর্তা নুরুল ইসলাম সোহাগ, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ফয়সাল ভূঁইয়া, ৪নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ বিল্লাল খান, উদ্যোক্তা ইলিয়াস হোসেন মিঠু, সুমি আক্তারসহ অন্যান্য কর্মচারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশিত : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ খ্রি.














