

ফরিদগঞ্জ প্রতিনিধি:
ফরিদগঞ্জ উপজেলায় ৬ বছরের এক শিশুকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে মো. দেলোয়ার হোসেন (৬৮) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি স্থানীয় একটি মক্তব পরিচালনা করতেন।
রোববার (২৬ এপ্রিল ২০২৬) সকালে ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের ভোটাল গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, দেলোয়ার হোসেন স্থানীয় একটি মসজিদে পেশ ইমাম ও ফোরকানিয়া মাদ্রাসা (মকতব) দায়িত্বপালন করছেন। ঘটনারদিন সকালে অভিযুক্ত দেলোয়ার হোসেন শিশুটির বাড়িতে যায় মক্তবের মাসিক চাঁদা আদায়ের জন্য। শিশুটির মা টাকা পরে দেওয়ার কথা বলে বাড়ির ভিতরে চলে যান। এ সুযোগে দেলোয়ার হোসেন কৌশলে ছয় বছরের শিশুটিকে তার বসতঘরে নিয়ে যান। কিছুক্ষণ পর শিশুটিকে না পেয়ে মা চিৎকার-ডাকাডাকি শুরু করলে দেলোয়ার হোসেনের ঘর থেকে শিশুটি বেরিয়ে আসে। পরে শিশুটির শারীরিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়। স্থানীয় লোকজনের সহায়তায় থানায় খবর দিলে পুলিশ দুপুরে অভিযুক্ত দেলোয়ার হোসেনকে আটক করে।

স্থানীয় ইউপি সদস্য ইমাম হোসেন ও কয়েকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেলোয়ার হোসেন একাধিক বিয়ে করেছেন,এরপরও শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হওয়ায় তার সঠিক বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করা হউক, যেন আর কেউ এমন অপরাধের সঙ্গে না জড়ায় এবং শিশুদের নিয়ে তাদের পরিবারের লোকজন নিরাপদে বসবাস করতে পারে।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, শিশুকে ধর্ষণের ঘটনার প্রাথমিক সত্যতা পেয়ে অভিযুক্ত বৃদ্ধকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ খ্রি.














