চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

শ্রমিক ও মালিক এদের পারস্পরিক সহযোগিতাএকটি শক্তিশালী ও টেকসই অর্থনীতি গড়ে ওঠে
……….শেখ ফরিদ আহমেদ মানিক এমপি
সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর
সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত —এই প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চাঁদপুরে পালিত হয়েছে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস।

শুক্রবার (১ মে) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে চাঁদপুর সদর এমপি শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর ৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্রমিকই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের ঘাম ও পরিশ্রমে শিল্পকারখানা সচল থাকে, কৃষি উৎপাদন বৃদ্ধি পায়, নির্মাণ খাত এগিয়ে যায় এবং দেশ উন্নয়নের সোপানে আরোহণ করে। শ্রমিক ও মালিক একে অপরের পরিপূরক—এদের পারস্পরিক সহযোগিতা, সম্মান ও আস্থার মাধ্যমেই একটি শক্তিশালী ও টেকসই অর্থনীতি গড়ে ওঠে। মহান মে দিবস আমাদের সেই ঐতিহাসিক সংগ্রামের কথা স্মরণ করিয়ে দেয়, যেখানে শ্রমিকরা ন্যায্য অধিকার ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে আন্দোলন করেছিলেন। আজকের দিনে সেই চেতনা ধারণ করে আমাদের সকলকে কর্মক্ষেত্রে শ্রমিকদের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবসের তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা শুধু মানবিক দায়িত্ব নয়, এটি টেকসই উন্নয়নের অন্যতম শর্ত। সরকার শ্রমিকদের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি সংশ্লিষ্ট সকলকে কর্মক্ষেত্রে স্বাস্থ্যবিধি, নিরাপত্তা ব্যবস্থা ও শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানান। শ্রমিকের জীবন ও স্বাস্থ্য সুরক্ষিত থাকলেই উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং দেশ কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শেখ ফরিদ আহমেদ মানিক আরও বলেন, আজ শ্রমিক দিবসের পাশাপাশি স্বাস্থ্য ও সেইফটি দিবসও পালিত হচ্ছে। কাজ করতে গেলে দুর্ঘটনার আশঙ্কা থাকেই। তাই প্রত্যেক শ্রমিককে নিজের স্বাস্থ্যের ব্যাপারে সচেতন থাকতে হবে। নিজেদের সুরক্ষার জন্য প্রতিটি শ্রমিকের জীবন বীমা করা উচিত।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ এরশাদ উদ্দিনের সভাপতিত্বে ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস্ মোঃ লুৎফুর রহমান, চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম এন জামিউল হিকমা, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী।

এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শ্রম অধিদপ্তরের চিকিৎসক ডাঃ মেহেদী হাসান শুভ, জেলা মিনিবাস মালিক সমিতির সভাপতি ফেরদৌস আলম বাবু, পুরান বাজার গদিঘর লেবার উন্নয়ন শ্রমিক ইউনিয়নের সভাপতি হারুনুর রশিদ, জেলা বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান ভূঁইয়া, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল জেলা শাখার সভাপতি নজরুল ইসলাম বাদল।

প্রকাশিত : শুক্রবার, ০১ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy