শাহরাস্তিতে সন্ধ্যার পর বাইরে ঘোরাফেরায় ২০ শিক্ষার্থী আটক, অভিভাবকের জিম্মায় মুক্তি

মোঃ কামরুজ্জামান সেন্টুঃ
চাঁদপুরের শাহরাস্তিতে সন্ধ্যার পর বাসার বাইরে অপ্রয়োজনে ঘোরাফেরায় ২০ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। পরে অভিভাবকদের জিম্মায় মুচলেকার মাধ্যমে সতর্ক করে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

পুলিশ জানায়, গত ৩ দিন (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, ওয়াকওয়ে, বিভিন্ন রিসোর্ট, বাজার এলাকা সহ জনসমাগমস্থলে বিশেষ টহল ও অভিযান পরিচালনা করা হয়। ওই সময় সন্দেহজনক ভাবে দলবদ্ধ অবস্থান ও অপ্রয়োজনে ঘোরাফেরা করায় এসব শিক্ষার্থীকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে স্কুল ও কলেজ পড়ুয়া কিশোরদের সংখ্যাই বেশি।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের তৎপরতা, ছিনতাই ও ছোটখাটো বিশৃঙ্খলার অভিযোগ বৃদ্ধি পাওয়ায় সতর্কতা মূলক ব্যবস্থা হিসেবে এ অভিযান করা হয়। শিক্ষার্থীরা যেন অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়িয়ে নিরাপদে বাসায় ফিরতে পারে সে লক্ষ্যেই থানায় এনে যাচাই-বাছাই করা হয়।

তিনি আরো জানান, আটক শিক্ষার্থীদের নাম পরিচয় লিপিবদ্ধ ও তাদের পরিবারের সাথে যোগাযোগ করে থানায় ডেকে আনা হয়েছে। অভিভাবকদের উপস্থিতিতে সন্তানদের ভবিষ্যতে সন্ধ্যার পর অপ্রয়োজনে বাইরে না রাখার অঙ্গীকারে মুচলেকা নেয়া হয়।

তিনি জানান, পুলিশ কাউকে হয়রানির জন্য নয় এটি সম্পূর্ণ প্রতিরোধমূলক উদ্যোগ। শিক্ষার্থীদের সচেতন ও অভিভাবকদের দায়িত্বশীল করতে এ পদক্ষেপ। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও কিশোরদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিভাবকদের অনেকেই পুলিশের এই উদ্যোগকে সময়োপযোগী বলে মন্তব্য করেছেন। তারা জানান, বর্তমানে কিশোরদের মধ্যে মোবাইল গেম, আড্ডা ও অনিয়ন্ত্রিত চলাফেরার প্রবণতা বেড়েছে, যা অনেক ক্ষেত্রে তাদের বিপথে নিয়ে যাচ্ছে। পুলিশের এমন তৎপরতায় শিক্ষার্থীরা শৃঙ্খলার মধ্যে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

প্রকাশিত : শুক্রবার, ০১ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy