চাঁদপুরে ‘ভুয়া প্রতিবাদ’ বিতর্ক: পৌর কর্মচারী সংসদ বলছে ‘বিবৃতি আমাদের নয়’, প্রেসক্লাবে লিখিত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ’ শিরোনামে স্থানীয় ৪টি পত্রিকায় প্রকাশিত এক বিবৃতি নিয়ে চাঁদপুরে তোলপাড় শুরু হয়েছে। বিবৃতিটি চাঁদপুর পৌরসভা পৌর কর্মচারী সংসদ এর সহ-সভাপতি ও সম্পাদকের পক্ষে দেওয়া হলেও সংগঠনের শীর্ষ নেতারা দাবি করছেন— এটি তাদের নয়। এ ঘটনায় তারা চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বরাবর লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

যা প্রকাশিত হয়েছে

গত কয়েকদিনে ‘চাঁদপুর কণ্ঠ’, ‘চাঁদপুর প্রবাহ’, ‘নয়া প্রভাত’ পত্রিকায় ২ কলাম এবং ‘শপথ’ পত্রিকায় ৩ কলাম জুড়ে একটি প্রতিবাদলিপি ছাপা হয়। সেখানে ‘সামাজিক যোগাযোগের মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ’ শিরোনামে চাঁদপুর পৌরসভা পৌর কর্মচারী সংসদ এর সহ-সভাপতি ও সম্পাদকের নামে বক্তব্য প্রকাশ করা হয়।

এই বিবৃতি আমাদের নয়’— দাবি নেতাদের

তবে সংগঠনের সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক স্পষ্ট জানিয়েছেন, প্রকাশিত প্রতিবাদলিপিটি তাদের দেওয়া নয়। তাদের নাম-পদবি ব্যবহার করে ভুয়া বিবৃতি পাঠানো হয়েছে।

এ বিষয়ে তারা চাঁদপুর প্রেসক্লাব সভাপতি বরাবর একটি লিখিত কপি জমা দিয়ে প্রতিবাদ জানিয়েছেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে সংগঠনের সাধারণ সম্পাদক নিশ্চিত করে বলেন, “আমরা কোনো প্রতিবাদলিপি পাঠাইনি। কে বা কারা উদ্দেশ্যমূলকভাবে আমাদের সংগঠনের নাম ব্যবহার করেছে, তা তদন্ত হওয়া দরকার।”

সাংবাদিককে জড়িয়ে ‘মিথ্যাচার’ এর অভিযোগ

প্রকাশিত ওই প্রতিবাদলিপিতে এই প্রতিবেদক এবং সহকর্মী মুসাদ্দেক আল আকিবকে জড়িয়ে ‘মিথ্যাচার’ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভুক্তভোগীর পক্ষ থেকে বলা হয়, “উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের পেশাগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”

অভিযোগের তীর পৌর প্রশাসকের দিকে

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র দাবি করেছে, প্রকৃতপক্ষে চাঁদপুর পৌর প্রশাসক এরশাদ উদ্দিন নিজেকে রক্ষা করতে একটি গোষ্ঠীর মাধ্যমে স্থানীয় সংবাদপত্রে ওই বিবৃতি পাঠিয়েছেন।

এ বিষয়ে প্রতিবেদকের কাছে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংরক্ষিত রয়েছে বলে জানানো হয়। সংশ্লিষ্ট সূত্রটি আরও বলেন, “ইনশাআল্লাহ খুব শীঘ্রই সত্য সকলের সামনে উন্মোচিত হবে। কারা এই ভুয়া বিবৃতির নেপথ্যে, তা প্রকাশ পাবে।”

প্রেসক্লাবের অবস্থান

চাঁদপুর প্রেসক্লাব এখনও এ ব্যাপারে কিছুই জানায়নি।

পৌর প্রশাসকের বক্তব্য পাওয়া যায়নি

এ বিষয়ে বক্তব্য জানতে চাঁদপুর পৌর প্রশাসক এরশাদ উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। খুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি। ফলে তার বক্তব্য এই প্রতিবেদনে যুক্ত করা সম্ভব হয়নি। বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে তা প্রকাশ করা হবে।

সাংবাদিক মহলে ক্ষোভ

সংগঠনের নামে ভুয়া বিবৃতি এবং সেখানে সাংবাদিকদের জড়িয়ে মিথ্যাচারের ঘটনায় চাঁদপুরের সাংবাদিক মহলে ক্ষোভ বিরাজ করছে। সাংবাদিক নেতারা বলছেন, পেশাদার সাংবাদিকতা দমাতে এ ধরনের অপকৌশল অতীতেও দেখা গেছে। এর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

একটি প্রতিষ্ঠানের নামে ভুয়া বিবৃতি পাঠিয়ে গণমাধ্যমকে বিভ্রান্ত করা এবং পেশাদার সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যাচার শুধু অনৈতিকই নয়, ফৌজদারি অপরাধও। চাঁদপুরের সচেতন মহল মনে করে, দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

প্রকাশিত : শনিবার, ০২ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy