

মাকসুমুল মুকিম, দোহার-নবাবগন্জ :
ঢাকার দোহার উপজেলায় ডিএন মেডিকেল সার্ভিসেসে চিকিৎসা নিয়ে অভিযোগের জেরে রেনু বেগম (৫৫) নামে এক নারীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ক্ষুব্ধ স্বজনদের ভাঙচুর এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

শুক্রবার (১ মে) সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে তীব্র পেটব্যথা নিয়ে রেনু বেগমকে ডিএন মেডিকেল সার্ভিসেসে ভর্তি করা হয়। প্রাথমিক পরীক্ষায় চিকিৎসকরা তার পিত্তথলিতে পাথর শনাক্ত করেন। পরদিন শুক্রবার সকালে চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।
সকাল সাড়ে ৮টার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয় এবং সকাল ৯টার দিকে অস্ত্রোপচার শুরু হয়। পরে বেলা আনুমানিক সোয়া ১১টার দিকে স্বজনরা জানতে পারেন, রেনু বেগম মারা গেছেন।
এ খবর ছড়িয়ে পড়লে স্বজনরা ক্লিনিকে এসে মৃত্যুর কারণ জানতে চান। একপর্যায়ে তারা ভুল চিকিৎসার অভিযোগ তুলে বিক্ষুব্ধ হয়ে ক্লিনিকে ভাঙচুর চালান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে লাঠিচার্জ করে। এতে উত্তেজনা আরও বৃদ্ধি পায়।
নিহতের স্বামী আমিন চোকদার অভিযোগ করে বলেন, ভুল চিকিৎসার কারণেই তার স্ত্রীর মৃত্যু হয়েছে এবং তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
প্রকাশিত : শনিবার, ০২ মে ২০২৬ খ্রি.
















