

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
বিয়ের দিন তারিখ সব ঠিক ঠাক। হবু নববধুকে সাথে নিয়ে বিয়ের কেনাকাটাও করা চলছে। এমনি এক সময়ে নিজেকে নিজে হত্যার মধ্য দিয়ে পৃথিবীথেকে চির বিদায় নিলেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কলেজ পড়ুয়া ছেলে সৈকত মুখার্জী (১৭)।

শনিবার (২ মে) ভোর সাড়ে ৪টার দিকে নিজ বাস ঘরের আড়ার সাথে রশি দিয়ে আত্নহত্যা করেন সৈকত। তিনি উপজেলার বংশীপুর গ্রামের আদিত্যা মুখার্জীর একমাত্র ছেলে।
স্থানীয়রা সহ শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে প্রকাশ,ভোররাতে নিজ ঘরে আড়ার সাথে গলায় রশি দিয়ে ঝুলে পড়ে থাকা অবস্থায় পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সৈকত শ্যামনগর সরকারি মহসীন ডিগ্রী কলেজে উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র । তিনি পিতা মাতার একমাত্র আদরের সন্তান ছিলেন।
জানা যায়, আগামী বৃহস্পতিবার তার বিবাহের দিন ধার্য করা ছিল। একই উপজেলার রমজাননগর ইউপির একটি কলেজ পড়ুয়া ছাত্রীর সাথে। হবু নববধূকে সাথে নিয়ে বৃহস্পতিবার উপজেলা সদরে প্রয়োজনীয় জিনিষপত্র কেনাকাটা করেছেন। শুক্রবার ভোরে তিনি নিজে আত্মহত্যা কেন করলেন এ প্রশ্ন জনমনে দাঁড়িয়েছে।
শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে শ্যামনগর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
প্রকাশিত : শনিবার, ০২ মে ২০২৬ খ্রি.
















