জুলাই আন্দোলন: দেবিদ্বারে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ০৪ মে ২০২৬

কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শিক্ষার্থী আমিনুল ইসলাম সাব্বির হত্যা মামলায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. মোকবল হোসেন মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে গুনাইঘর উত্তর ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত মো. মোকবল হোসেন মুকুল ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিষদ কার্যালয় থেকেই তাকে আটক করা হয় এবং পরে সাব্বির হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের একদফা দাবিতে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে দেবিদ্বার থানা এলাকায় মাথায় গুলিবিদ্ধ হয় নবম শ্রেণির শিক্ষার্থী আমিনুল ইসলাম সাব্বির। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ ২১ দিন চিকিৎসাধীন থাকার পর গত বছরের ২৬ আগস্ট তার মৃত্যু হয়। এই ঘটনায় সাব্বিরের মামা নাজমুল হাসান বাদী হয়ে সাবেক সংসদ সদস্যসহ ৯৯ জনকে আসামি করে দেবিদ্বার থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃত মুকুল চেয়ারম্যান ছিলেন ওই মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি।

নিহত সাব্বির দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি গ্রামে থেকে পড়াশোনার পাশাপাশি অটোরিকশা চালিয়ে তার অভাবী সংসার চালাতেন। পুলিশ জানিয়েছে, এই মামলার অন্যান্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশিত : সোমবার, ০৪ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy