সিরাজগঞ্জের তাড়াশে ইটভাটার কালো ধোঁয়ায় ৪০ বিঘা ধান পুড়ে নিঃস্ব কৃষক

জিল্লুর রহমান, তাড়াশ, সিরাজগঞ্জ :

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ইটভাটার বিষাক্ত কালো ধোঁয়ায় পাকা-আধা পাকা ধান পুড়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। মাধাইনগর ইউনিয়নের ক্ষিরপোতা, ভাটারপাড়া ও আকাইজানি গ্রামের প্রায় ৪০ বিঘা জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।

সরেজমিনে দেখা গেছে, নাবিলা ভাটার পশ্চিম পাশে এবং সাদিয়া ভাটা ও এসএমবি ভাটার পূর্ব পাশের অন্তত ৪০ বিঘা জমির পাকা-আধা পাকা ধান পুড়ে ফলনশূন্য হয়ে পড়েছে। জমিগুলোতে এখন শুধু খড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই।

ভুক্তভোগী কৃষক ভাটারপাড়া গ্রামের শ্রী তাপস কুমার বলেন, “আমার দুই বিঘা জমির ধান পুড়ে গেছে। এখন জমিতে শুধু খড় পড়ে আছে, ধান পাওয়ার কোনো সম্ভাবনা নেই।”

আকাইজানি গ্রামের মো. মিন্টু জানান, “আমার মাত্র এক বিঘা জমি। এই জমি চাষ করেই সারা বছর পরিবারের খাবারের ব্যবস্থা করি। এবার সেটাও হবে না।” একই অবস্থা সুচিন, নিপেন, প্রদীপ, মনো ও মহাদেব কুমারসহ এলাকার অন্যান্য কৃষকের।

এ বিষয়ে তাড়াশ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করা হলে কৃষি কর্মকর্তা বলেন, “বিষয়টি সম্পর্কে আমরা অবগত আছি। ইটভাটার মালিকদের দ্রুত সমাধানের জন্য জানানো হয়েছে।”

এদিকে গত ৪ এপ্রিল সোমবার সকাল ১০টায় নাবিলা ভাটার মালিক মো. নজরুল ইসলামের উদ্যোগে এসএমবি ভাটার মালিক আলহাজ্ব মো. শাহ আলম ও সাদিয়া ভাটার মালিক মো. সাইফুল ইসলাম ভুক্তভোগী কৃষকদের ডেকে নামের তালিকা করেন। তারা প্রতি বিঘা জমির জন্য ৯ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দেন।

এ সময় মায়শা ভাটার মালিক আলহাজ্ব মো. মুসলিম উদ্দীন, হাসান ভাটার মালিক মো. আব্দুর রহিমসহ অন্যান্য ভাটা মালিকরা উপস্থিত ছিলেন।

প্রকাশিত : মঙ্গলবার, ০৫ মে ২০২৬ খ্রি.

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy