

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর :
শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় চাঁদপুর জেলার কুমিল্লা রোড এলাকায় মঙ্গলবার (৫ মে) ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ। প্রসিকিউশন পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া। এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় চাঁদপুর জেলা পুলিশ সদস্যরা সক্রিয় সহায়তা প্রদান করেন।

অভিযানকালে শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫ এর ৬(১) ধারা লঙ্ঘনের দায়ে ১টি আইডি পরিবহন ও ৪টি বোগদাদ পরিবহনসহ মোট ৫টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এসব যানবাহন থেকে সর্বমোট ১০টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। একই সঙ্গে ৫টি পরিবহনকে সর্বমোট ১১ হাজার টাকা জরিমানা ধার্য করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এছাড়া অভিযানের সময় বিভিন্ন যানবাহনে শব্দদূষণ বিরোধী সচেতনতামূলক স্টিকার লাগানো হয় এবং চালকদের শব্দদূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে অবহিত করা হয়।
চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, “শব্দদূষণ এখন নীরব ঘাতকে পরিণত হয়েছে। এটি মানুষের শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি মানসিক চাপ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ঘুমের ব্যাঘাতসহ নানা ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। বিশেষ করে শিক্ষার্থী, বৃদ্ধ ও অসুস্থ ব্যক্তিদের জন্য অতিরিক্ত শব্দ অত্যন্ত ক্ষতিকর। আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবসের মূল লক্ষ্যই হলো মানুষকে এই অদৃশ্য কিন্তু মারাত্মক দূষণ সম্পর্কে সচেতন করা এবং সবাইকে শব্দদূষণ প্রতিরোধে আইন মেনে চলতে উদ্বুদ্ধ করা।
তিনি আরও বলেন, অপ্রয়োজনীয় হাইড্রোলিক হর্নের ব্যবহার, যানবাহনে অতিরিক্ত শব্দ সৃষ্টি, নির্মাণকাজে অনিয়ন্ত্রিত যন্ত্রপাতির ব্যবহার—এসবই শব্দদূষণের প্রধান উৎস। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন প্রয়োগের মাধ্যমে এসব কার্যক্রম নিয়ন্ত্রণ করা সম্ভব। পরিবেশ অধিদপ্তর নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করবে এবং প্রয়োজনে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে গণপরিবহন চালক, মালিক ও সাধারণ জনগণকে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা মেনে চলার আহ্বান জানান তিনি।”
প্রকাশ: ৬ মে ২০২৬, মঙ্গলবার
















