

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান :
সিরাজগঞ্জ তাড়াশে অভিযানেও বন্ধ হচ্ছে না উর্বর কৃষি জমি কেটে পুকুর খনন। ৩০টি ভ্যেম্যমান অভিযান ৩৫ লাখ টাকা জরিমানা আদায়, থানায় ১০ টি মামলা ৭ জনের কারাদণ্ড প্রদান করা হয়েছে। তবু ও বন্ধ করা যাচ্ছে না অবৈধ পুকুর খনন।
বিগত দেড় যুগ ধরে চলছে কৃষি জমি ধ্বংস করে বেআইনি পুকুর খননের কাজ। এদিকে প্রতিবছরই বাড়ছে পুকুর, আশংকা জনক হারে কমেছে আবাদি জমি।

উপজেলার কৃষি অধিদপ্তরের তথ্য মতে, গত দেড় যুগে আবাদ যোগ্য উর্বর কৃষি জমি কমছে ১৫ হাজার বিঘারও বেশি। অন্যদিকে উপজেলা মৎস্য অফিসের কার্যলয় সুত্রে জানা গেছে গত বছর পর্যন্ত তাড়াশ উপজেলার পুকুর সাংখা ছিল ৪ হাজার ২ শত এ বছর ৪ হাজার ৫ শত ছাড়িয়ে যাবে।
কৃষি বিভাগ সুত্র মতে সিরাজগঞ্জ জেলার ৯ টি উপজেলার মধ্যে সবচেয়ে বেশি খাদ্য শস্য উৎপাদন হত তাড়াশে কিন্তু অবৈধ পুকুর খননের কারণে উৎপাদন কমে গেছে। শুধু তাই নয় সামান্য একটু বৃষ্টি হলেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা , বোর মৌসুমে পাকা ধান নুয়ে পানিতে ডুবে যায়। এ যেন কৃষকের গলায় ফাঁস লাগানো।
এব্যাপারে কৃষি কর্মকর্তা শর্মিস্ট সেন গুপ্তা বলেন অবৈধ পুকুর খনন বন্ধ করা না গেলে খাদ্যে উৎপাদন হুমকির মুখে পড়বে। তাছাড়া কৃষি জমি জলাবদ্ধতার কারণে ফসল উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে। উপজেলা নিবার্হী কর্মকর্তা নুসরাত জাহান বলেন এ বিষয়ে জোরালো অভিযান অব্যাহত আছে।
সরেজমিনে দেখা গেছে, নওগাঁ ইউনিয়নের ভায়াট গ্রামে খালকুলা সড়কের মসজিদের পশ্চিম পাশে বড় বড় কয়েকটি পুকুর খনন করা হচ্ছে। খালকুলা-মহিষলুটি সড়কের পার্শ্ব রাস্তার দক্ষিণে প্রায় অনুরূপ আয়তনের পুকুর খনন করা হচ্ছে তিনটি ভেক্যু মেশিন লাগিয়ে। মহিষলুটি-নওগাঁ সড়কের পশ্চিমে একই জায়গাতে একটি ৫২ বিঘা দুইটি ২০ বিঘা ও একটি ১৭ বিঘা আয়তনের পুকুর খনন করা হচ্ছে চারটি ভেক্যু মেশিন দিয়ে। বিরৌহালী গ্রামের বিরৌহালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিমে পুকুর খনন চলছে। মহিষলুটি সড়কের পশ্চিম পাশে গোয়াল গ্রামে ১৭ বিঘা পুকুর খনন হচ্ছে। মাগুড়া বিনোদ ইউনিয়নের মাগুড়া-নাদোসৈয়দপুর সড়কের মধ্যে কাটা গাঙ সেতুর সঙ্গে পুকুর খনন হচ্ছে তিন ফসলি জমিতে।
নওগাঁ ইউনিয়নের সাকুয়াদীঘি গ্রামের স্থানীয় বাসিন্দা আবু তাহের বলেন, পুকুর খননকারীরা ফসল নষ্ট করে জোরপূর্বক পুকুর খনন করছেন আমার জমিতে। টাকাও ফেরত দিচ্ছেন না, জমিও বুঝিয়ে দিচ্ছেন না।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুইচিং মং মারমা বলেন, অবৈধ পুকুর খনন করার অপরাধে থানায় দুইটি মামলা করা হয়েছে। তাছাড়া ভ্রাম্যমাণ অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬ খ্রি.
















