

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর :
জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬।
সোমবার (১৯ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে মেলার উদ্বোধন করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, আমরা ভাই-বোন, আত্মীয়-স্বজন সবাই মিলেমিশে থাকবো। আমরা নিজেরাও ঠকব না, অন্য কাউকেও ঠকাব না।
তিনি বলেন,ভূমিসেবা এখন মানুষের দোরগোড়ায় পৌঁছে গেছে। ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে ভূমি সংক্রান্ত হয়রানি কমিয়ে দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। জনগণকে অনলাইনভিত্তিক ভূমিসেবা গ্রহণে আরও সচেতন হতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একরামুল হক সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর, উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা এবং প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী।
চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড বাপ্পী দত্ত রনির সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, ভূমি অফিসের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মেলায় আগত সেবাগ্রহীতারা বিভিন্ন স্টল ঘুরে ভূমি সংক্রান্ত সমস্যার সমাধান, তথ্য ও প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করছেন। ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলমান এ মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা, তথ্য ও পরামর্শ প্রদান করা হচ্ছে।
মেলায় ১১টি ভূমিসেবা বিষয়ক স্টল স্থাপন করা হয়েছে। এসব স্টলের মাধ্যমে সাধারণ জনগণকে নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, অনলাইন ভূমিসেবা গ্রহণসহ ভূমি ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সেবা প্রদান করা হচ্ছে।
উল্লেখ্য, সারাদেশে একযোগে ভার্চুয়ালি ভূমিসেবা মেলা-২০২৬ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে ২০২৬ খ্রি.
















