এ সংস্থার সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় কাজ করছে : জেলা প্রশাসক চাঁদপুর

চাঁদপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

সাইদ হোসেন অপু চৌধুরী, চাঁদপুর :
অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চাঁদপুর উদ্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ–২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ মে) সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, চাঁদপুর কার্যালয়ে অগ্নিনির্বাপক প্রদর্শনী, শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, অগ্নিকাণ্ড একটি অনাকাঙ্ক্ষিত দুর্যোগ, যা মুহূর্তের অসতর্কতায় ভয়াবহ রূপ নিতে পারে। তাই অগ্নি নিরাপত্তা শুধু ফায়ার সার্ভিসের দায়িত্ব নয়, এটি আমাদের সবার সামাজিক ও নৈতিক দায়িত্ব। আমাদের ঘর, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাদের এই ত্যাগ ও পেশাদারিত্ব আমাদের জন্য অনুকরণীয়। আধুনিক সরঞ্জাম ব্যবহারের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করা গেলে অগ্নি দুর্ঘটনা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা সম্ভব।

তিনি সকলকে বৈদ্যুতিক সংযোগ, গ্যাসলাইন ব্যবহার, দাহ্য পদার্থ সংরক্ষণ এবং জরুরি নির্গমন পথ নিশ্চিত করার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান।

চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ, বিএফএম (এস) এবং শাহরাস্তি ফায়ার সার্ভিস স্টেশনের লিডার আবু হাসান খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জ্যোতির্ময় ভৌমিক, চাঁদপুর সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো. আলমগীর হোসেন বাহার, চাঁদপুর ইসলামিক ফাউন্ডেশন এর উপ-পরিচালক সেলিম সরকার।

অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অগ্নি নিরাপত্তা, উদ্ধার কার্যক্রম এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, সপ্তাহব্যাপী কর্মসূচির মাধ্যমে অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ, সচেতনতামূলক কার্যক্রম এবং সেবামূলক বিভিন্ন আয়োজন পরিচালনা করা হবে।

প্রকাশিত : বুধবার, ২০ মে ২০২৬ খ্রি.

 

ডায়াবেট্সি হলে কি করবেন?

শেয়ার করুন
প্রিয় সময়-চাঁদপুর রিপোর্ট মিডিয়া লিমিটেড.

You might like

About the Author: priyoshomoy