গাইবান্ধা শহরে রাস্তা নিয়ে গোলযোগে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

মোঃ জাহাঙ্গীর আলম, গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা পৌরসভার সরকার পাড়ায় চলাচলের রাস্তা নিয়ে সৃষ্ট গোলযোগে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগে হায়দার আলী, পারভীন বেগম ও কল্পনা বেগমকে সাথে নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী জেরিন আকতার রুপি। ২৯ জুলাই বুধবার সাপ্তাহিক অবিরাম পত্রিকার সম্পাদকীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জেরিন আকতার’র পক্ষে কল্পনা বেগম লিখিত বত্তব্য পাঠ করেন।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য ও গাইবান্ধা সদর থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গাইবান্ধা পৌরসভার সরকার পাড়াস্থ জেরিন আকতার রুপি সহ ৮/১০ টি পরিবারের চলাচলের রাস্তাটি বৃষ্টির কারনে পানি জমে থাকে ব্যবহারের অনুপযোগী হয়। গত ২৮ জুলাই ২০২৬ ইং তারিখে উক্ত রাস্তা মেরামতের জন্য রাবিশ ফেলে ভরাট করার সময় রাস্তার পার্শ্ববর্তী বাড়ির মালিক মোকছেদুল ইসলাম, জাহিদুল ইসলাম আজাদ, জান্নাতুল ফেরদৌস জান্নাতি, মিনা বেগম সহ আরো কয়েকজন মিলে রাস্তা মেরামত করতে বাধা দেয়।

এ সময় মৃত জামাল উদ্দিনের ছেলে হায়দার আলী (৮৫) প্রতিবাদ করলে ১ নং অভিযুক্ত মোকছেদুল ইসলাম অকথ্য ভাষায় গালিগালাজ করে হায়দার আলীকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এ সময় তার পড়নের লুঙ্গি খুলে ইজ্জতহানি ঘটে। পরে বিকাল ৪ ঘটিকায় ভ্যানে করে রাবিশ ফেলতে গেলে পুনরায় বাধা প্রদান করেন এবং রাস্তা বন্ধ করার চেষ্টা চালায়। জেরিন আকতার রুপি প্রতিবাদ করায় মোকছেদুল ইসলাম ও তার দলবল ক্ষিপ্ত হয়ে জেরিন আকতারের ওপর হামলে পড়েন কিল, ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়।

জেরিন আকতারের ডাক চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে অচেতন অবস্থায় জেরিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ওই সময় অভিযুক্তগন চিৎকার করে বলতে থাকে জেরিন আকতারের পরিবারের যাকে যেখানে পাইবে মারপিট সহ খুন জখম করবে এবং ওই রাস্তা দিয়ে চলাচল করতে দিবে না।

এমতাবস্থায়, পরিবারের নিরাপত্তা ও আইনী সুরক্ষা পেতে জেরিন আকতার গাইবান্ধা সদর থানায় লিখিত অভিযোগপূর্বক সংবাদ সম্মেলন করেছেন। এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত করে হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণে সংবাদ সম্মেলনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন।

প্রকাশিত :  ‍শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

You might like

About the Author: priyoshomoy