সান্তাহার পৌর বিএনপির সদস্য রাজিব খান রানাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার

সজীব হাসান, (বগুড়া) প্রতিনিধি: :

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর বিএনপির সদস্য রাজিব খান রানাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

রোববার সান্তাহার পৌর বিএনপির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৮ নভেম্বর বেলা আনুমানিক ১১টার দিকে সান্তাহার পৌর ৮ নম্বর ওয়ার্ড তাঁতী দলের সভাপতি হেলাল প্রামাণিককে ডেকে নিয়ে লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর জখম করা হয়।

এ সময় তার মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

এছাড়াও রাজিব খান রানার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মে জড়িত থেকে দলের নাম ভাঙিয়ে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জরুরি ভিত্তিতে তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার এবং সকল পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সে অনুযায়ী সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এস এম আক্তারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিদারুল আলম জুয়েল ও মামুনুর রশিদ স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে মাদক ব্যবসা, মাদক সেবন, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে দলের নির্বাহী কমিটির জরুরি সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়। বহিষ্কারের বিষয়ে জানতে চেয়ে রাজিব খান রানার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি।

প্রকাশিত:  রোববার, ২৯ নভেম্বর ২০২৬ খ্রি.

Views: 0

You might like

About the Author: priyoshomoy