বাবুরহাটে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ, জায়গা নির্ধারণে চলছে পরিদর্শন

সজীব খান, চাঁদপুর:

চাঁদপুরের বাবুরহাট এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় জায়গা নির্ধারণের কাজ চলছে। জায়গা চূড়ান্ত হওয়ার পরপরই পুলিশ ফাঁড়ির স্থাপনা নির্মাণের কার্যক্রম শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

চাঁদপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের উপস্থিতিতে বাবুরহাটে পুলিশ ফাঁড়ি স্থাপনের বিষয়টি নিয়ে আলোচনা হয়। এরই ধারাবাহিকতায় সম্ভাব্য স্থান পরিদর্শন করা হয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সলিমউল্লাহ সেলিম এবং জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন সরদার।

এ সময় জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কবির হোসেন সরদার জানান, বাবুরহাট এলাকায় জেলা পরিষদের নিজস্ব সম্পত্তি রয়েছে। পাশাপাশি সেখানে সড়ক বিভাগ ও জেলা প্রশাসনের জায়গাও রয়েছে। এসব জায়গার মধ্যে পুলিশ ফাঁড়ি স্থাপনের উপযোগী স্থান নির্ধারণের জন্য পরিদর্শন ও যাচাই-বাছাই চলছে।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জায়গা নির্ধারণের কাজ সম্পন্ন করা হবে। জায়গা চূড়ান্ত হলেই বাবুরহাটে পুলিশ ফাঁড়ি স্থাপনের কাজ শুরু করা সম্ভব হবে।

বাবুরহাট এলাকায় পুলিশ ফাঁড়ি স্থাপিত হলে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ খ্রি.

You might like

About the Author: priyoshomoy