

সিরাজগঞ্জ তাড়াশ থেকে জিল্লুর রহমান
সিরাজগঞ্জের তাড়াশ পৌর শহরের বাঁশবাজার খেলার মাঠে ফুটবল টুর্নামেন্ট চলাকালে ছুরির মুখে জিম্মি করে রুবেল হোসেন (নবম শ্রেণি) নামে এক স্কুলছাত্রকে অপ-হরণের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। ঘটনার পর প্রায় এক ঘণ্টা পার হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে বাঁশবাজার খেলার মাঠে ‘নতুন কুঁড়ি’ ফুটবল টুর্নামেন্ট চলাকালে এ ঘটনা ঘটে। অপহৃত রুবেল নাদোসৌদপুর হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী।স্থানীয় সূত্রে জানা যায়, মাঠে ফুটবল খেলা চলার সময় একদল দুর্বৃত্ত হঠাৎ সেখানে প্রবেশ করে। পরে তারা রুবেলকে ঘিরে ধরে দেশীয় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে। একপর্যায়ে উপস্থিত খেলোয়াড় ও দর্শকদের সামনেই তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। আকস্মিক এ ঘটনায় মাঠে উপস্থিত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দেয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। একই সঙ্গে অপহৃত স্কুলছাত্রকে উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত রুবেল হোসেনের কোনো সন্ধান পাওয়া যায়নি। কারা, কী কারণে তাকে তুলে নিয়ে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপহৃত স্কুলছাত্রকে দ্রুত উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ খ্রি.














