পঞ্চগড়ে যৌন হয়রানীর অভিযোগে আটক ২

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি :

পঞ্চগড় সদর উপজেলায় নবম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর দায়ে আহসান হাবিব (১৯) ও নজরুল ইসলাম জনি (৩২) নামে ২ জনকে আটক করেছে পঞ্চগড় থানা পুলিশ। এ ঘটনায় ওই ছাত্রীর মা পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করলে অভিযুক্ত ২ আসামিকে আটক করে পুলিশ।

২ নভেম্বর (সোমবার) দুপুরে আটককৃত ২ জনকে আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। আটক আসামিরা হলো পঞ্চগড় পৌরসভার কামাতপাড়া এলাকার হবিবর রহমানের ছেলে আহসান হাবিব (১৯) ও একই এলাকার আব্দুস সাত্তারের ছেলে নজরুল ইসলাম জনি (৩২)।

অভিযোগ সূত্রে জানা যায়, ৩ বছর আগেও স্কুল যাওয়া আসার পথে ওই ৯ম শ্রেণীর ছাত্রীকে হাবিব ও জনি ইভটিজিং করতো এবং অশালীন কথা বলতো, এমনকি রাস্তায় পরনের কাপড় ধরে টানা হেঁচড়া করতো। বিষয়টি তাদের বাবা-মাকে জানানো হলে তারা ক্ষমা চেয়ে তাদের ছেলেকে বাঁচিয়ে নেয়।

রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। এ সময় ছাত্রীটিকে আসামি জনি ও হাবিব আবারো টানা হেঁচড়া করে, অশালীন কথা বলে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীটি অপমান সইতে না পেরে রাতেই নিজ ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

রাতেই দু’জনের নাম উল্লেখ করে পঞ্চগড় সদর থানায় মামলা দায়ের করে ছাত্রীর মা। পুলিশ রাতে অভিযানে চালিয়ে মামলার ২ আসামিকে আটক করে।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহমদ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ সুপারের নির্দেশে রোববার রাতেই অভিযান চালিয়ে মামলার ২ আসামিকে আটক করা হয়। সোমবার (২ নভেম্বর) দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

You might like