

টাংগাইল প্রতিনিধি :
টাঙ্গাইলের সখীপুরে নিজ অর্থায়নে প্রায় ৮ কি: মি: কাঁচা রাস্তা সংস্কার করা হয়েছে। গত কয়েকদিন ধরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ৭নং ওয়ার্ড এলাকার বিভিন্ন কাঁচা রাস্তা মেরামত করা হয়। বুড়িচালা গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে শহিদুল ইসলাম রাজুর নিজস্ব তহবিল থেকে ওইসব রাস্তা মেরামত করা হয়।

জানা যায়, উপজেলার কাকড়াজান ইউনিয়নের বুড়িচালা, সাপিয়াচালা, দুর্গাপুর, নোয়ালীচালা, মামুদ নগর এলাকা কাঁচা রাস্তাগুলো গেলো বর্ষকালে বড় বড় গর্তের সৃষ্টি হয়। অনেক জায়গায় পানি ও কাদা জমে থাকে। এতে করে সাধারণ মানুষের চলাচলে বেশ অস্বস্তি সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হয়ে আসছিল। রাস্তাগুলোতে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল।

বিষয়টি ওই এলাকার ব্যবসায়ী শহিদুল ইসলাম রাজুর নজরে আসে। পরে তিনি সম্পূর্ণ নিজস্ব তহবিল থেকে ওইসব কাঁচা রাস্তা মেরামতের উদ্যোগ নেন।
ওই সড়ক দিয়ে যাতায়াতকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্র মেহেদী হাসান রাসেল বলেন, সমাজে শহিদুল ইসলামের মত অনেক লোক রয়েছে। কিন্তু তারা মানুষের কল্যাণের কথা ভাবেন না। এই এলাকার স্থানীয় সড়কগুলো অনেক পুরাতন। এবার বৃষ্টিতে রাস্তা ভেঙে গেলেও কেউ খবর নেয়নি। শহিদুল ইসলাম জনপ্রতিনিধি না হয়েও জনকল্যাণে এগিয়ে এসে সড়কগুলো ঠিক করে চলাচলের উপযোগী করে দিয়েছেন।
এ বিষয়ে শহিদুল ইসলাম রাজু বলেন, রাস্তাগুলোর অবস্থা খুবই খারাপ ছিলো। জনগণের চলাচলে অনেক কষ্ট হয়েছে। মানুষের কষ্ট লাঘবের জন্য মানবিকতা ও নৈতিক দায়িত্ববোধ থেকে প্রায় ৮ কি: মি: কাঁচা রাস্তা মাটি দিয়ে ভরাট করে মেরামত করা হয়েছে। আমার একাজ চলমান থাকবে।








