কুমিল্লায় নানা আয়োজনে শেখ কামাল জন্মবার্ষিকী পালিত

জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা: ০৫ আগস্ট ২২
নানা আয়োজনে কুমিল্লায় পালিত হয়েছে আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের পথিকৃত বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৩ তম জন্মবার্ষিকী।

এ উপলক্ষে শুক্রবার সকালে আদর্শ সদর উপজেলার শুভপুর শেখ কামাল ক্রীড়া পল্লীতে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, দোয়ার অনুষ্ঠান, বৃক্ষ রোপন ও গাছের চারা বিতরন করা হয়। পরে কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শেখ কামালের জীবনী বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও বন বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি মেয়র আরফানুল হক রিফাত।

কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ফারুক আহমেদ।


অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগ কুমিল্লার উপ-পরিচালক মোঃ শওকত ওসমান, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী ড. শফিকুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান রোমেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

You might like