ইউটিউব দেখে ফরিদগঞ্জের ড্রাগন চাষী মোজাম্মেল সফল

মো. মহিউদ্দিন, ফরিদগঞ্জ প্রতিনিধি:
ড্রাগন ফল বাণিজ্যিকভাবে চাষ করে ব্যপক সফলতা পেয়েছেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়ন লোহাগড় গ্রামের মোজাম্মেল হক তালুকদার নামে এক ব্যবসায়ী। বর্তমানে তার বাগানের গাছে গাছে শোভা পাচ্ছে লাল রংয়ের বিপুল পরিমাণ ড্রাগন ।

রোগ-বালাই কম হওয়া ও চাষ পদ্বতি সহজ হওয়ায় এবং বাজারে চাহিদা থাকায় বিদেশি এ ফল চাষে আগ্রহ প্রকাশ করছে আশপাশের অনেক চাষি।

সরেজমিনে লোহাগড় গ্রামের চাষী মোজাম্মেল হক মিঠুর বাগানে গিয়ে দেখা যায়, ড্রাগন ফল তুলছে চাষী মিঠুসহ তার কর্মচারীরা।

মিঠু জানায়, বিগত দু’বছর কষ্ট করে ড্রাগন গাছগুলোর যতœ নিচ্ছি। ইতিমধ্যে ফল পেতে শুরু করেছি। এখন প্রতিমাসে অন্তত দু’বার ফল সংগ্রহ করে বাজারজাত করছি। ক্রমেই বাড়ছে এর চাহিদা। তাই চলতি বছর নতুন করে বাগানের পরিধি বাড়িয়েছি। কয়েকদিন পূর্বে বাগানের পাশের জমি কিনেছি। স্বপ্ন দেখছি ড্রাগন ফলের বিশাল বাগান করার। এখনই লাভের কথা ভাবছি না, কারণ অন্তত ২০/২৫ বছর ধরে এই গাছে ফলন পাবো। এছাড়া আশপাশের অনেক কৃষকদের আগ্রহ দেখে চারা করার কাজও শুরু করেছি।

তিনি আরো জানান, ইউটিউবে ভিডিও দেখে ৭০ শতক জমিতে বেড তৈরি করে ৭০০ ড্রাগন চারা রোপণ করে। বেড তৈরি থেকে শুরু করে চারা রোপণ ও গাছের পরিচর্যায় এ পর্যন্ত তার প্রায় ৭ লক্ষ লাখ টাকার বেশি খরচ হয়েছে। সম্প্রতি সব ক’টি গাছে ড্রাগন ফল এসেছে। পর্যায়ক্রমে ফলন আরও বৃদ্ধি পাবে বলেও আশা পোষণ করছেন তিনি। পাইকারি ও খুচরা ফল বিক্রি করে তিনি এখন সফল কৃষক।

বেকার যুবকদের এ চাষাবাদের উপর প্রশিক্ষণ ও সহায়তা করা গেলে তাদের ভাগ্য বদলের সম্ভাবনার আশা করা যায়।

উপ-সহকারি কৃষি কর্মকর্তা সাজ্জাতুল ইমরান ও নূরে আলম বলেন, পুষ্টিগুণে সমৃদ্ধ ড্রাগনে প্রচুর পরিমাণ ভিটামিন সি, মিনারেল রয়েছে। একটি ড্রাগন ফলে ৬০ ক্যালোরি পর্যন্ত শক্তি এবং প্রচুর ম্যাগনেসিয়াম, বিটাক্যারোটিন ও লাইকোপিনের মতো অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে। ডায়াবেটিস ও ক্যানসার প্রতিরোধে ড্রাগন ফল খুবই কার্যকরী। উপজেলার বিভিন্ন বাজারের ফলের দোকানগুলোতে এখন দেশীও ফলের মতোই মিলছে ড্রাগন ফল। কৃষি বিভাগ সার্বিক পরামর্শ ও সহযোগিতা করে আসছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আশিক জামিল মাহমুদ জানান, বাজারে দিন দিন ড্রাগনের চাহিদা বাড়ছে। সেদিকে খেয়াল রেখেই চাষ বৃদ্ধির উদ্যোগ নেয়া হচ্ছে। রোগ-বালাই কম ও পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় ড্রাগন চাষ কৃষকদের আগ্রহ বাড়ছে।

You might like