হাইমচরে ইসলামী যুব আন্দোলনের তৃণমূল সম্মেলন অনুষ্ঠিত

শরীফ মোঃ মাছুম বিল্লাহ

হাইমচরে ইসলামী যুব আন্দোলনের তৃণমূল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার বিকেলে হাইমচর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা যুব আন্দোলনের আয়োজনে অনুষ্ঠিত এ সম্মেলনে উপজেলা সভাপতি মুহাম্মদ নূরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় পরামর্শ পরিষদ সদস্য এইচ এম আব্দুর রশীদ মাহমুদী।

তিনি তার বক্তব্যে বলেন- তৃণমূল পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দকে সাংগঠনিক কার্যক্রমের প্রতি আগ্রহ তৈরির নিমিত্তেই আজকের এ সম্মেলন। দেশ এবং দেশের মানুষের শান্তি ও ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় যুবকদের ভূমিকা-ই সর্বাগ্রে। যেকোনো পট পরিবর্তনে যুব সমাজের ভুমিকা থাকে অবিস্মরণীয়। তাই পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে বাংলাদেশে আদর্শ, সমৃদ্ধি ও ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করতে এখন থেকেই তৃণমূলে জনমত গঠন করতে হবে।

তিনি বলেন, এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হলে সকল ধর্মের মানুষ নিরাপদে নিজ নিজ ধর্ম পালন করার সুবিধা পাবে। আল্লাহর প্রতিনিধি হিসেবে আমাদের অর্পিত দ্বায়িত্ব যথাযথভাবে পালন করলে দুনিয়ার জিন্দেগী যেমন শান্তিময় হবে, পরকালীন জিন্দেগীতে দেখাবে মুক্তির পথ।

সম্মেলনে তৃণমূল নেতৃবৃন্দের উদ্দেশ্যে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এইচ এম নিজাম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা যুব আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, উপ সম্পাদক শেখ মোঃ হাবিবুর রহমান, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডা. মাওলানা মোঃ মোঃ সফিউল্লাহ, সহ-সভাপতি ফখরুল ইসলাম শিমুল, উপজেলা যুব আন্দোলনের উপদেষ্টা হাফেজ গাজী মোঃ জহিরুল ইসলাম প্রমূখ।

উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন, ছাত্র আন্দোলনসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

You might like