

হাইমচর প্রতিনিধি :
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে হাইমচর উপজেলা পরিষদ মিলনায়তনে ভোট কেন্দ্রের নিরাপত্তা প্রদানসহ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন প্রসঙ্গে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার নিকট দরখাস্ত দিয়েছেন ২নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতিকে সদস্য প্রার্থী এস এম কবির। একজন ম্যাজিস্ট্রেট নিয়োগ, ভোটারদের উপর উপজেলা পরিষদ চেয়ারম্যানের প্রভাবমুক্ত রাখা ও নিরপেক্ষভাবে ভোট প্রদানের নিশ্চয়তা প্রদান করার জোর দাবি জানান তিনি।

গত ১০ অক্টোবর সোমবার জেলা প্রশাসক কার্যালয়ে এ দরখাস্ত দাখিল করেন এস এম কবির। এতে তিনি উল্লেখ করেন হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারী বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বারদের ডেকে এনে ভয়ভীতি প্রদর্শন করে আমার প্রতিপক্ষ খুরশিদ আলম শিকদারের তালা প্রতিকে ভোট প্রদানে বল প্রয়োগ করছেন। বিভিন্ন প্রকল্পের লোভ দেখিয়ে তালা প্রতিকে ভোট প্রদানে বাধ্য করছেন। ভোট কেন্দ্রে তার লোকেরা অবস্থান করবে, কে কোন প্রতিকে ভোট দিচ্ছেন তা পর্যবেক্ষণ করবে, তালা প্রতিকের বাহিরে ভোট প্রদান করলে নির্বাচনের পর তাদের উপর নির্যাতন করার হুমকিও প্রদান করেন। তার এসকল আচার-ব্যবহার সম্পূর্ণ নির্বাচনের আচরণবিধির পরিপন্থী।
সদস্য প্রার্থী এস এম কবির সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণসহ একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করার জোর দাবি জানান।







