জেলা পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের সদস্য পদে বিএনপি সমর্থিত মনিরুজ্জামান মানিক নির্বাচিত

গাজী মো. মহসিন :

সারা দেশের ন্যায় চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উক্ত নির্বাচনে ১নং ওয়ার্ড (চাঁদপুর সদর) থেকে সাধারন সদস্য পদে উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মানিক (হাতি প্রতীক) বে-সরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

সোমবার (১৭ অক্টোবর) উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত নির্বাচনে মোহাম্মদ মনিরুজ্জামান মানিক (হাতি প্রতীক) ৮৬ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল বারাকাত লিজন পাটওয়ারী (ঘুড়ি প্রতীক) পেয়েছেন ৭০ ভোট, মোঃ জাকির হোসেন (বৈদ্যুতিক পাখা প্রতীক) ১৪ ভোট, মোঃ মুকবুল হোসেন মিয়াজী (টিউবওয়েল প্রতীক) ২ ভোট, মোঃ মাহবুব আলম (উটপাখি প্রতীক) ১৯ ভোট, মোঃ শাহ আলম খান (তালা প্রতীক) ১২ ভোট ও ইকবাল হোসেন পলাশ (অটোরিকশা প্রতীক) শূন্য ভোট পেয়েছেন। এতে মোহাম্মদ মনিরুজ্জামান মানিক পাটওয়ারী ১৬ ভোটের ব্যবধানে বেসরকারি ভাবে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়।

জানা গেছে, উপজেলার ১৪টি ইউনিয়ন, একটি উপজেলা ও একটি পৌরসভার মোট ২০৬ জন ভোটারের মধ্যে একজনের মৃত্যু ও আরেকজন জেল হাজতে থাকায় মোট ২০৪জন ভোটার ভোট দানে অংশ গ্রহন করেন। সকাল ৯ টা থেকে ইভিএম-এ ভোট গ্রহন শুরু হয়ে চলে ২টা পর্যন্ত। কঠিন নিরাপত্তার মাঝে নির্বাচন শান্তি পূর্ন পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মুকবুল হোসেন।

উল্লেখ্য, মোহাম্মদ মনিরুজ্জামান মানিক পাটওয়ারী এর আগে চাঁদপুর সদর উপজেলার ৬নং মৈশাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে সফলতার সহিত দায়িত্ব পালন করেছেন এবং জেলার শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান হিসেবে পুরষ্কৃত হন। তার ব্যক্তিত্ব এবার এনে দিয়েছে জেলা পরিষদের সদস্য। নির্বাচিত হয়ে তিনি বলেন, আমি সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আর সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ায় নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন-পুলিশ প্রশাসনের নিকটও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সেই সাথে চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনিকে অসংখ্য ধন্যবাদ জানাই।

You might like