আতঙ্ককে হার মানিয়েছে ক্ষুধার জ্বালা : জামালপুরে ত্রাণের চাল-আলু ছিনিয়ে নিল ক্ষুধার্ত জনতা

জামালপুর প্রতিনিধি :

করোনা সংক্রমণের আতঙ্ককে হার মানিয়েছে ক্ষুধার জ্বালা। ত্রাণের জন্য আর অপেক্ষা করতে রাজি ছিলেন না জামালপুরের হতদরিদ্র মানুষগুলো। তাই চলল ছিনতাই।

ক্ষুধার জ্বালা সইতে না পেরে ত্রাণের চাল ও আলু ছিনিয়ে নিয়েছেন কর্মহীন মানুষেরা। তাদের দাবি, কোনো সহায়তা না পাওয়ায় এমনটা করতে বাধ্য হয়েছেন তারা। এদিকে, রাজশাহীতে তালিকা করেও ত্রাণ না দেয়ায় বিক্ষোভ করেছেন হতদরিদ্ররা।

জামালপুর পৌর কর্তৃপক্ষ জানায়, রোববার (১২ এপ্রিল) সকালে সদর উপজেলার সিংহজানী খাদ্যগুদাম থেকে ত্রাণের ৬শ’ প্যাকেট চাল ও আলু নিয়ে বানিয়া বাজার যাচ্ছিল একটি ট্রাক। পথে মুকুন্দবাড়ি এলাকায় ট্রাকটি আটকে দেন কয়েকশ’ মানুষ। এরপর ছিনিয়ে নেন খাবার। তাদের অভিযোগ, বিভিন্ন জায়গায় আকুতি জানিয়ে কোনো সহায়তা পাননি।

স্থানীয় এক নারী বলেন, ঘরে বাচ্চাদেরও দুই মুঠো ভাত দিতে পারি না। (ত্রাণ) খালি এইখানে যায়, ওইখানে যায়, সবাই বলে পরে (পাবেন), দেরি আছে।

আরেকজন বলেন, চাল দিচ্ছে মেম্বার চেয়ারম্যানদের কাছে। তাও আমরা পাচ্ছি না।

রাজশাহী:

এদিকে সামাজিক দূরত্ব নিশ্চিতের নির্দেশনা উপেক্ষা করেই রাজশাহীর পবা উপজেলার পারিলা এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন স্বল্প আয়ের মানুষেরা। তাদের অভিযোগ, গত দুই সপ্তাহে বেশ কয়েকবার তালিকা করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যরা। কিন্তু এখনো ত্রাণ না পাওয়ায় চরম খাদ্য সংকটে পড়েছেন তারা। ঘটনাস্থলে গিয়ে পুলিশ বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দেয়ার আশ্বাস দিলে কর্মসূচি প্রত্যাহার করা হয়।

এদিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউপি চেয়ারম্যান নুরুল আবছারের বিরুদ্ধে ত্রাণ নিয়ে অনিয়মের অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্ত শেষে তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ।

You might like