কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের অন্তর্ভুক্তিমূলক উৎসব: ঐতিহ্যবাহী খেলায় চরাঞ্চলের প্রতিবন্ধী শিশুদের মেধার ঝলক

​কুড়িগ্রাম প্রতিনিধি:

চরাঞ্চলের সুবিধাবঞ্চিত প্রতিবন্ধী শিশুদের সমাজের মূলধারায় ছড়িয়ে দিতে এবং তাদের মেধা ও প্রতিভাকে বিকশিত করার লক্ষ্যে কুড়িগ্রামে অনুষ্ঠিত হলো দিনব্যাপী অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রথাগত ক্রীড়া প্রতিযোগিতা।

​আজ সোমবার (১৯ অক্টোবর ২০২৬) কুড়িগ্রামের সদরের যাত্রাপুর ফ্রেন্ডশিপ স্কুল প্রাঙ্গণে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ফ্রেন্ডশিপ’-এর এফডিআইডিপি প্রকল্পের উদ্যোগে এই বর্ণাঢ্য উৎসবের আয়োজন করা হয়।

​সকাল থেকেই চরাঞ্চলের প্রতিবন্ধী শিশু, কিশোর-কিশোরী, অভিভাবক এবং সাধারণ গ্রামবাসীর উপস্থিতিতে স্কুল প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। প্রতিযোগিতায় প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী শিশুরা যৌথভাবে বুদ্ধি যাচাই, ঝুড়িতে বল নিক্ষেপ, বেলুন উড়ানো, চেয়ার খেলা, বালিশ পাস, নৃত্য প্রতিযোগিতায় অংশ নেয়। বিজয়ী-অবিজয়ী নির্বিশেষে সকল শিশুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ উৎসবটিকে এক অনন্য মাত্রায় পৌঁছে দেয়।

​ক্রীড়া প্রতিযোগিতা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে শারীরিক ও মানসিক প্রতিকূলতাকে জয় করে চরাঞ্চলের প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী শিশুরা নৃত্য পরিবেশন করেন। তাদের পরিবেশনা উপস্থিত দর্শকদের আপ্লুত করে এবং সবাই করতালি দিয়ে তাদের উৎসাহিত করেন।

অনুষ্ঠান শেষে ৬টি ক্যাটাগরীতে ১৮ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। এছাড়াও প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সান্ত্বনা পুরস্কার দেয়া হয়। পুরস্কার হিসেবে ছিল হটপট, টিফিন বক্স, পানির পট ও কলম দানি।

১৮ জন বিজয়ীর মধ্যে উল্লেখযোগ্য হলো বুদ্ধি যাচাই খেলায় বিজয়ী শারীরিক প্রতিবন্ধী শিশু লামিয়া, বেলুন উড়ানো খেলায় বিজয়ী শারীরিক প্রতিবন্ধী শিশু শাফি, বালিস পাস খেলায় বিজয়ী শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি বিউটি বেগম।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর, ইউনিয়ন পরিষদের সচিব নাজমুল হক, ফ্রেন্ডশিপ এফডিআইডিপি প্রকল্পের প্রকল্প ম্যানেজার শফিকুল ইসলাম, ফ্রেন্ডশিপ শিক্ষা প্রকল্পের ম্যানেজার মাহফুজার রহমান সহ ফ্রেন্ডশিপ এফডিআইডিপি ও শিক্ষা প্রকল্পের দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও অভিভাবক বৃন্দ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “প্রতিবন্ধিতা কোনো অভিশাপ বা সীমাবদ্ধতা নয়, সুযোগ ও সঠিক পরিবেশ পেলে তারাও সমাজের প্রতিটি ক্ষেত্রে আলো ছড়াতে পারে। চরাঞ্চলের মতো দুর্গম এলাকাতেও ফ্রেন্ডশিপের এই অন্তর্ভুক্তিমূলক প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়।”

​

প্রকাশিত: সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ খ্রি.

You might like