বিএনপি প্রার্থীর চাঁদপুর পৌরসভা নির্বাচন বর্জন

নিউজ ডেস্ক :

ব্যাপক অনিয়ম, হামলা, মারধর এবং জোরপূর্বক কেন্দ্র দখলের অভিযোগ এনে চাঁদপুর পৌরসভা নির্বাচন বয়কট করেছেন বিএনপির মনোনিত ধানের শীষের প্রার্থী আক্তার হোসেন মাঝি।

সকাল ১১টায় তিনি নির্বাচন বর্জন করেন। তবে বেলা ৩টায় তিনি সাংবাদিক সম্মেলন করে নির্বাচন বয়কটের ঘোষণা দেবেন বলে জানিয়েছেন।

ধানের শীষের প্রার্থী, চাঁদপুর শহর বিএনপির সভাপতি আকতার হোসেন মাঝি জানান, সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে বিএনপি প্রার্থীর এজেন্টদের বের করে দেয়া হয়। সরকার দলীয় কর্মীরা ভোট কেন্দ্র দখলে নিয়ে জোরপূর্বক ইভিএমের বাটন চেপে ভোট আদায় করেন। এছাড়া বেশ কয়টি ভোট কেন্দ্রে বিএনপি নেতা কর্মীদের মারধর ও কুপিয়ে জখম করে। গুরুতর কয়েকজনকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা দেখা যায় নি। এমতাবস্থায় বিএনপি নেতাকর্মী এবং পৌরবাসীর জানমাল রক্ষায় আমি নির্বাচন বর্জন করার সিদ্ধান্ত নিয়েছি।

সাংবাদিক নট অ্যালাউড

চাঁদপুর পৌরসভা নির্বাচনে বেশকিছু ভোট কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাধা দেয়া হচ্ছে। জেলা রিটার্নিং অফিসারের ইস্যুকৃত সাংবাদিক পর্যবেক্ষণ কার্ড থাকলেও উশৃংখল নেতাকর্মীরা সাংবাদিকদের ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেয়নি।

বেলা সোয়া ১২টায় দেখা গেছে চাঁদপুর শহরের গনি মডেল উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রধান ফটক ঊশৃংখল নেতাকর্মীরা অবরুদ্ধ করে রাখে। এসময় চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াসউদ্দিন মিলনসহ একদল সাংবাদিক পর্যবেক্ষণে আসলে তাদেরকে ভোট কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়। তাদের সোজাসাপ্টা বক্তব্য ‘সাংবাদিক নট অ্যালাউ’।

জেলা রিটার্নিং অফিসার তোফায়েল আহমেদ বলেন, এমনটি হওয়ার কথা নয় । পর্যবেক্ষণ কার্ড থাকলে অবশ্যই ভোট কেন্দ্র প্রবেশের সুযোগ থাকবে। বিষয়টি আমি দেখছি।

আমরা সংবাদের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, প্রিয় সময় গুজব প্রচার করে না

১০ অক্টোবর ২০২০ খ্রি. ২৫ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২২ সফর ১৪৪২ হিজরি, শনিবার

You might like