

কুমিল্লায় মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে ছাত্রী ধর্ষণের অভিযোগ
নিউজ ডেস্ক :
কুমিল্লার চান্দিনায় ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মাও. মো. ইউসুফ সোহাগকে (৪০) আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে তাকে আটক করা হয়।
মাও. মো. ইউসুফ দেবীদ্বার উপজেলার সুলতানপুর গ্রামের সহিদুল ইসলামের ছেলে। তিনি চান্দিনার কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ জামে মসজিদের ঈমাম এবং চান্দিনা পল্লী বিদ্যুৎ রোডে দারুল ইহসান তাহফিজুল কোরআন কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মোহতামিম।

ভুক্তভোগী ছাত্রীর বাবা বলেন, ২০১৯ সালে চান্দিনা পল্লী বিদ্যুৎ রোডের ওই মাদ্রাসায় আমার মেয়েকে ভর্তি করাই। মঙ্গলবার (১৩ অক্টোবর) জানতে পারি ওই শিক্ষক আমার মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। খবর পেয়ে আমি বিভিন্নভাবে খোঁজ নিয়ে চেষ্টা করে ব্যর্থ হয়ে মানবাধিকার কর্মী ও কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন সরকারকে বিষয়টি জানাই। তিনি মঙ্গলবার রাতেই ওই শিক্ষকসহ আমার মেয়েকে উদ্ধার করেন।
ভুক্তভোগী মাদ্রাসাছাত্রী বলেন, মাদ্রাসায় অধ্যয়নরত অবস্থায় গত এক মাস আগে ইউসুফ হুজুর জোরপূর্বক আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে। আমি বিষয়টি আমার অভিভাবককে জানাইতে চাইলে তিনি আমাকে বিভিন্ন ভয়ভীতি দেখায়। পরবর্তীতে তিনি সুযোগ পেলেই আমার সঙ্গে খারাপ কাজ করত। মঙ্গলবার আমাকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে জোর করে ঢাকায় নিয়ে যায়।
কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা লিটন সরকার বলেন, ওই শিক্ষক এ পর্যন্ত ৪টি বিয়ে করেছে। এখনও তার ২ স্ত্রী রয়েছে। কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করে শিশুছাত্রীদের বিভিন্নভাবে জিম্মি করে ধর্ষণের আরও বহু অভিযোগ রয়েছে। মেয়েটির বাড়ি আমার নিজ গ্রামে। মেয়েটির বাবা মঙ্গলবার আমাকে বিষয়টি অবহিত করলে আমি দেবীদ্বার উপজেলা নির্বাহী অফিসার ও ওসিকে জানিয়ে মেয়েটিকে উদ্ধার করি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানাই।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার বলেন, শিশুমেয়েটি ও মাদ্রাসাশিক্ষকের বাড়ি দেবীদ্বার থানা এলাকা হলেও ঘটনাস্থলটি চান্দিনা থানা এলাকায়। এ বিষয়ে চান্দিনা থানা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
চান্দিনা থানার অফিসার ওসি শামসউদ্দীন মোহাম্মদ ইলিয়াছ বলেন, বিষয়টি আমার জানা ছিল না। এখনই জানতে পেরে ওই মাদ্রাসাশিক্ষকসহ মেয়েটিকে থানায় এনেছি। বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। (সময় টিভি)
আমরা খবরের বস্তুনিষ্ঠতায় বিশ্বাসী, সঠিক সংবাদ পরিবেশনই আমাদের বৈশিষ্ট্য
১৪ অক্টোবর ২০২০ খ্রি. ২৯ আশ্বিন ১৪২৭ বঙ্গাব্দ, ২৬ সফর ১৪৪২ হিজরি, বুধবার









