সোনা রোদের গল্প

কবির হোসেন মিজি :

বিকেলের সোনা রোদ গায়ে মেখে আমরা হেটে চলি ডাকাতিয়ার তীর ঘেষে
সবুজ দুর্বা ঘাস সুরসুরি দেয় পায়ের গোড়ালিতে।
আমরা হেটে চলি সোজা পথে, বাঁকা পথে
পথ পুরোয় না, পথ আসে
ডাকাতিয়ার জলে ভাসে বেঁদে পল্লীর জীবন।

আমরা সোনা রোদ দেখি, কুয়াশার চাদরে ঢাকা মিষ্টি সকাল দেখি, ঝড়, বৃষ্টি সিডর দেখি।
অন্ধ চোখে দেখতে পাইনি আমাদের বাস্তব চলচ্চিত্র।

যেখানে গান নেই, কবিতা নেই, মন ভুলানো সংলাপ নেই।
আছে একমুঠো চাল দিস, একটা কালো মুরগী দিস, ভালো করে ঝেরে দেয়ার গল্প।
যেখানে আছে জলের গান, মাছ আর মানুষের কানামাছি।

প্রতিদিন ছোট্ট নায়ের ছাউনী তলে মাটির চুলোয় জীবন প্রদ্বীপ জ্বলে।
জলের ছন্দে ঢেউয়ের তালে বেজে উঠে জীবন গানের মিউজিক।

সোনা রোদ গায়ে মেখে প্রতিদিনই আমরা সবুজ দুর্বাঘাস মাড়িয়ে হেটে যাই।
সূর্য অস্তে যায়, সোনা রোদ মরে যায়
কখনো, কখনো নদীর জলে বেঁদে পল্লীদের হাঁসিও মলিন হয় সূর্যাস্তের মতো।

রচনাকাল : ২৭ নভেম্বর ২০২০ইং
শুক্রবার।

You might like